স্বাক্ষর ও সিল জাল করার দায়ে গত সোমবার এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
সাভার উপজেলা ভূমি কার্যালয় থেকে জানা গেছে, সাভার ব্যাংক কলোনির নুরুল ইসলাম পৌরসভার ছোট বলিমেহের মৌজার ১০ শতাংশ জমির নামজারি বাতিলের জন্য ২০১২ সালে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে মামলা করেন। এরপর রাজধানীর ইসলামপুরের আবদুল্লাহ আল মামুনের সঙ্গে নুরুল ইসলামের পরিচয় হয়। মামুন দীর্ঘদিন ধরে সাভারে থেকে বিভিন্ন দপ্তরে তদবিরসহ নানা প্রতারণামূলক কাজ করে আসছিলেন। মামুন রায় পক্ষে এনে দেওয়ার আশ্বাস দিয়ে নুরুল ইসলামের কাছ থেকে ৬৫ হাজার টাকা নেন। এরপর তিনি সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলীর সিল ও স্বাক্ষর জাল করে ২০১৩ সালের সেপ্টেম্বরে নুরুল ইসলামের পক্ষে একটি ভুয়া আদেশ তৈির করে দেন। এরপর নিশ্চিন্ত হয়ে নুরুল ইসলাম মামলার কোনো খোঁজ নেননি৷ তঁার অনুপস্থিতির কারণে গত ২১ এপ্রিল মামলাটি খারিজ হয়ে যায়।
নুরুল ইসলাম বলেন, মামলা খরিজ হওয়ার খবর পেয়ে আদেশের কপি নিয়ে তিনি সোমবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে যান। এ সময় ওই কার্যালয়ের কর্মকর্তারা আদেশটি ভুয়া বলে জানান। পরে তিনি কৌশলে মামুনকে ওই ভূমি কার্যালয়ে নিয়ে যান৷ সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী উভয় পক্ষের কথা শোনেন এবং সিল ও স্বাক্ষর জাল করার প্রমাণ পেয়ে মামুনকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশে সোপর্দ করেন৷
লিয়াকত আলী বলেন, মামুন ৬৫ হাজার টাকার বিনিময়ে তাঁর স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া আদেশ তৈির করে দেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁকে ওই সাজার আদেশ দেওয়া হয়েছে৷
নামজারির জন্য ঘুষ দাবি: রাজধানীর ইন্দিরা রোডের বাসিন্দা সজল সরকারের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধুল্লা মৌজায় এক একর জমি রয়েছে৷ ওই জমির নামজারি করার জন্য তিনি আবেদন করেন উপজেলা ভূমি কার্যালয়ে। ৪৫ দিনের মধ্যে তাঁর আবেদনটির নিষ্পত্তি হওয়ার বিধান থাকলেও গত এক বছরেও সজল সরকার কোনো প্রতিকার পাননি।
সজল সরকার বলেন, এক বছরেও প্রতিকার না পেয়ে গত সোমবার তিনি সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গিয়ে সার্ভেয়ার রমজান আলীর সঙ্গে দেখা করেন। এ সময় রমজান দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছে ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন৷ দর-কষাকষির পর সজল ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলে রমজান সহকারী কমিশনার খালেদা নাসরিনের সঙ্গে দেখা করেন। কয়েক মিনিট পরে তিনি সেখান থেকে বের হয়ে সজলকে জানান, ২৫ হাজার টাকার কমে সহকারী কমিশনার নামজারির আদেশে স্বাক্ষর করবেন না৷ পরে সজল বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মর্তুজাকে জানান৷ ইউএনও সহকারী কমিশনারকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রমজান আলী কোনো উত্তর না দিয়ে বিষয়টি দেখছি বলে ফোন কেটে দেন। খালেদা নাসরিন বলেন, ‘সজল সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে এ ব্যাপারে লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে রমজান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’