সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ঢাকার সাভারে বৈশাখী টেলিভিশনের সাংবাদিকদের ওপর হলমার্ক গ্রুপের কর্মীদের হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং মানববন্ধন করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের ৫০ জনেরও বেশি সাংবাদিক গতকাল সকাল ১০টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড সিটি সেন্টারের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এরপর মহাসড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সড়কের পাশে মানববন্ধন করেন সাংবাদিকেরা। সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক শামীম আল মামুন জড়িত। তাঁরাসহ হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার না করায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে অবিলম্বে তানভীর মাহমুদসহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সংবাদ সংগ্রহ করতে গিয়ে হলমার্ক কর্মীদের হামলায় আহত হন বৈশাখী টেলিভিশনের সাংবাদিক দিপু সারোয়ার, ক্যামেরাম্যান বেলাল হোসেন ও সাভার প্রতিনিধি আবদুল হালিম।