সাভারে সাংবাদিকের বাসায় ডাকাতির প্রতিবাদে সমাবেশ
সাভারের গেন্ডা এলাকায় দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব প্রতিবেদক তুহিন খানের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। গতকাল সোমবার বিকেলে সাভার পাবলিক লাইব্রেরির সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সাভার থানার পুলিশ ও তুহিনের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাত আড়াইটার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল একতলা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে বাসায় ঢোকে। তুহিন বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাত ও মাথায় আঘাত করে হাত বেঁধে ফেলে। এরপর তাঁর স্ত্রী, মেয়েসহ তাঁকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ভেঙে লাইসেন্স করা একটি শটগান, ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার, এক লাখ ১২ হাজার টাকা, সাত হাজার টাকা মূল্যের প্রাইজবন্ডসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।খবর পেয়ে রাতেই পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। অভিযান চালিয়ে গতকাল সকাল নয়টার দিকে তুহিনের বাড়ির অদুরে পরিত্যক্ত অবস্থায় তাঁরা শটগানটি উদ্ধার করেন। তুহিন জানান, তিনি নিজেই বাদী হয়ে রোববার সাভার থানায় মামলা করেছেন।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা সমাবেশ করে এক সপ্তাহের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানান।