সাভারে সাংসদ ও নেতাপক্ষের সংঘর্ষ, নারায়ণগঞ্জে মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ঢাকার আশুলিয়ায় সাংসদ এনামুর রহমান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনাদৌলার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। গতকাল বুধবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।
একই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঝুট ব্যবসা নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা একটি পোশাক কারখানার সামনে মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সাভারে আওয়ামী লীগের সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল কাদের দেওয়ান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলার অনুসারী হিসেবে পরিচিত ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহসহ যুবলীগের বেশ কয়েকজন নেতা গত পাঁচ বছর ধরে বাইপাইল এলাকার ‘গ্রীলডেন শাহরিয়ার’ নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। প্রতি মাসে ওই কারখানা থেকে ৬০ থেকে ৭০ টন ঝুট বের হয়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে এনামুর রহমান সাভারের সাংসদ নির্বাচিত হওয়ার পর ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের কাছে। সাংসদ ওই ব্যবসা পেতে তাঁকে সহায়তা করেন। এর পর থেকে আবদুল কাদের ও সানাউল্লাহর সঙ্গে সাইফুলের বিরোধ চলে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, তিন দিন ধরে সানাউল্লাহ ঝুট বের করার জন্য শতাধিক নেতা-কর্মী নিয়ে ওই কারখানার আশপাশে মহড়া দিয়ে আসছিলেন। তাঁদের প্রতিহত করতে সাইফুলও লোকজন নিয়ে মহড়া দেন। বিষয়টি জানার পর গতকাল সকাল ১০টার দিকে সাংসদ এনামুর উভয় পক্ষকে নিয়ে বসতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সকাল আটটা থেকে বাইপাইল এলাকায় সানাউল্লাহর লোকজন জড়ো হতে থাকেন। খবর পেয়ে সাইফুলের লোকজনও প্রস্তুতি নেন। সকাল সাড়ে নয়টার দিকে সানাউল্লাহ তাঁর লোকজন নিয়ে কারখানার দিকে অগ্রসর হলে সাইফুলের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে সানাউল্লাহসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাইফুল ইসলাম বলেন, তালুকদার তৌহিদ জং মুরাদ ও হাসিনাদৌলার অনুসারী নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে ঝুট বের করতেন। সাংসদ নির্বাচিত হওয়ার পর এনামুর রহমান কয়েক মাস আগে তাঁকে ওই কারখানার ঝুট ব্যবসা নিয়ে দেন। সম্প্রতি হাসিনাদৌলা তাঁর অনুসারী সানাউল্লাহকে ঝুট ব্যবসা দেওয়ার জন্য তদবির করেন। সানাউল্লাহকে সহায়তা করার জন্য কারখানা কর্তৃপক্ষসহ থানা পুলিশকেও বারবার ফোন করেন তিনি।
তবে হাসিনাদৌলা বলেন, ‘ঝুট ব্যবসার সঙ্গে আমার এবং আমার অনুসারীদের কোনো সম্পৃক্ততা নেই।’
সাংসদ এনামুর রহমান বলেন, ‘গ্রীলডেন শাহরিয়াারের ঝুট ব্যবসা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি হলে দলের শীর্ষ পর্যায়ের নির্দেশে আমি গতকাল সকালে উভয় পক্ষের লোকজন নিয়ে বসে বিষয়টি মীমাংসা করতে চেয়েছিলাম। কিন্তু এর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে।’
ধামরাই ও আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, ঝুট ব্যবসার আধিপাত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ডজ লাইন নামের একটি পোশাক কারখানার মালিকের কাছে ঝুট দাবি করে। এতে অপারগতা প্রকাশ করায় মালিকপক্ষের লোকজনকে ভয়ভীতি দেখানোর জন্য আনোয়ার হোসেনের নির্দেশে হত্যাসহ ডাকাতি মামলার আসামি ডাকাত মুকুল, স্বপন সর্দার, গলাকাটা মোক্তার, পাগলা হামিদ, টোকাই সাগর, ইসমাইল, লাম্বা সাগর, মির্জা রনি, ছোট শুভ, দাড়িওয়ালা সুমন, কবীর, সুমন, রাকিব, রিপনসহ অর্ধশত অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এবং ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুরো চাঁদনী হাউজিং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ডজ লাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, সেখানে তুচ্ছ ঘটনা ঘটেছে। তিনি গুলিবর্ষণের ঘটনা শোনেননি বলে দাবি করেন।
অভিযোগের ব্যাপারে একাধিকবার আনোয়ার হোসেনের মুঠোফোনে ফোন দেওয়া হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।