সাভারে সাবেক সাংসদের স্ত্রীকে হত্যার চেষ্টা
সাবেক সাংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশকে (৬৩) গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সেলিমার এক নাতিজামাইকে আটক করেছে। সাভার থানার পুলিশ ও খান মজলিশ পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন ভোরে সেলিমা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ছোট মেয়ে ইলার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। গতকাল সকাল সাতটার দিকে ইলা বারবার কল করেও মাকে পাচ্ছিলেন না। তিনি বড় বোন পপিকে কল করে বিষয়টি জানান। পপি ও আরেক বোন শিল্পী বাড়ির দ্বিতীয় তলায় গিয়ে একটি কক্ষের মেঝেতে রক্ত দেখতে পান। পাশে আরেকটি কক্ষের খাটের ওপর অর্ধেক গলাকাটা অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে তাঁরা চিৎকার দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন অচেতন অবস্থায় সেলিমা খানকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাঁকে গতকাল সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছোরাসহ কিছু আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আবুল কালাম আজাদ নামের একজনকে আটক করা হয়েছে। তিনি সেলিমা খানের বড় মেয়ে পপির মেয়ের জামাই। এসআই আরও জানান, সেলিমা খান, তাঁর মেয়ে পপি, শিল্পী, পপির মেয়ে তিলোত্তমা ও তাঁর স্বামী আবুল কালাম আজাদ ওই বাসাতেই থাকেন।সেলিমার ভাগনে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী জানান, তাঁর মামি প্রতিদিন ভোর ছয়টার দিকে বাসার ছাদে গিয়ে হাঁটাহাঁটি করেন। গতকাল দুর্বৃত্তরা ওত পেতে থেকে মামিকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালায় এবং পিঠেও ছুরিকাঘাত করে। এরপর মৃত ভেবেই দুর্বৃত্তরা তাঁকে ফেলে রেখে যায়। মাসুদ চৌধুরী আরও জানান, ঢাকা সিএমএইচে তাঁর মামিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, সেলিমাকে খুন করার উদ্দেশ্যে পরিবারের সদস্যরাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। প্রাথমিক তদন্তে এ রকম ধারণা পাওয়ার পরই আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় রাত ১২টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।