সাভারে সালিসে লাঞ্ছিত হয়ে এক ব্যক্তির আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের ঘোড়াদিয়া গ্রামে গতকাল শুক্রবার আইয়ুব নবী (৪৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী রোকেয়া বেগমের অভিযোগ, এক শতাংশ জমি বিক্রিকে কেন্দ্র করে গ্রাম্য সালিসে লাঞ্ছিত হয়ে তিনি কীটনাশক পানে আত্মহত্যা করেন। এ ঘটনায় পুলিশ আইয়ুবের ভাই তারু মিয়ার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে। সাভার থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস খানেক আগে আইয়ুব নবী পাশের মল্লিকারটেক গ্রামের আ. আজিজের কাছে এক শতাংশ জমি বিক্রি করেন। বিষয়টি নিয়ে আইয়ুবের ভাই তারু মিয়ার ছেলে ফয়সাল মিয়ার সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। আজিজকে ওই জমির দখলও দেননি ফয়সাল। সেই বিরোধ মেটাতে গতকাল সকালে ঘোড়াদিয়ার বাচ্চু ব্যাপারির বাড়িতে সালিস বৈঠক বসে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাভার ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আ. হাকিমসহ আরও অনেকে। সালিসে আজিজের পক্ষে কয়েকজন সন্ত্রাসী উপস্থিত ছিলেন। বিচারের একপর্যায়ে বিচারকসহ শতাধিক গ্রামবাসীর উপস্থিতিতে ওই সন্ত্রাসীরা আইয়ুবকে অকথ্য ভাষায় গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আর ভর্ৎসনা করেন বিচারকেরা। সালিস বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়। রোকেয়া জানান, সালিস শেষ হওয়ার ঘণ্টা খানেক পর বেলা ১১টার দিকে আইয়ুব ক্ষোভে ও লজ্জায় কীটনাশক পান করেন। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তিনি অভিযোগ করেন, সালিসে লাঞ্ছিত হয়ে ক্ষোভে ও লজ্জায় তাঁর স্বামী আত্মহত্যা করেন। ইউপি সদস্য আ. হাকিম বলেন, ‘সালিসে আইয়ুবকে লাঞ্ছিত বা গালাগাল করা হয়নি। সালিসের পর কোনো কিছু ঘটে থাকলে সে বিষয়ে আমাদের জানা নেই।’সাভার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় তারু মিয়ার স্ত্রী ও ফয়সাল মিয়ার মা নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।