সাভারে সাড়ে ৬ হাজার শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত
রাজধানীর উপকণ্ঠ সাভারে অন্তত ছয় হাজার ৫০০ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এসব শিশু দৈনিক সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করে।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নামে বেসরকারি একটি সংস্থার সাভারে চালানো এক জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। ভার্ক ‘ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের জীবন মান উন্নয়ন’ প্রকল্পের আওতায় গত বছর (২০১৩) অক্টোবর ও নভেম্বর মাসে সাভারে দুই হাজার পাঁচজন শ্রমজীবী শিশুর ওপর জরিপ পরিচালনা করে। জরিপ শেষে গতকাল মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের কাছে সংস্থাটি এ তথ্য তুলে ধরে।
জরিপ প্রতিবেদনে বলা হয়, সাভারে শ্রমজীবী শিশুরা ১৯ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িত। এর মধ্যে ১৭ দশমিক ৭ শতাংশ ময়লা ও আবর্জনা কুড়ানো, ১৬ দশমিক ৪ শতাংশ দোকানে, ১০ দশমিক ২ শতাংশ পোশাক কারখানায়, ৭ দশমিক ৩ শতাংশ গৃহশ্রমিক, ৬ দশমিক ৬ শতাংশ রংমিস্ত্রির সাহায্যকারী এবং বাকি ২৯ দশমিক ৬ শতাংশ শিশু পালনসহ ১৩ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িত।
প্রতিবেদনে আরও বলা হয়, ঝুঁকিপূর্ণ কাজে জড়িত শিশুদের ৬৪ শতাংশ নিয়মিত জ্বর ও মাথাব্যথায় ভোগে। অর্থনৈতিক কাজে যুক্ত শিশুদের ৮৪ দশমিক ১ শতাংশ দৈনিক ১০ ঘণ্টা শ্রম দেয়। সপ্তাহের সাত দিনই কাজ করতে হয় ৬১ দশমিক ১ শতাংশকে। এসব শিশুর মাসিক আয় এক থেকে চার হাজার টাকা।
জরিপ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাভারের ২২ দশমিক ৭ শতাংশ শিশু মাদকাসক্ত ও ৩৬ দশমিক ১ শতাংশ ধূমপায়ী। ৯৫ শতাংশ শিশুর কর্মক্ষেত্রে বা আশপাশে খেলাধুলার সুযোগ নেই।