সাভারে সেই সার্জেন্ট ও হাবিলদার বরখাস্ত
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গত বুধবার নির্ধারিত পোশাক পরে প্রকাশ্যে মারামারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম ও হাবিলদার এমদাদুল হককে গত শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।সাভার ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সার্জেন্ট শরিফুল ইসলাম ও হাবিলদার এমদাদুল হক বাসস্ট্যান্ড এলাকার মাহাতব প্লাজার সামনে দায়িত্ব পালন করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে এক ব্যক্তিকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তুলতে দেখে হাবিলদার এমদাদুল হক বাধা দেন। একপর্যায়ে এমদাদুলের কাছে শরিফুল ইসলাম চাঁদা আদায়ে বাধা দেওয়ার কারণ জানতে চান এবং তাঁকে গালিগালাজ করতে থাকেন। এমদাদুল এর প্রতিবাদ করলে শরিফুল ইসলাম তাঁকে লাঠি দিয়ে পেটান। লাঠির আঘাতে এমদাদুলের মাথা ফেটে যায়।ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহার জানান, প্রাথমিক তদন্তে উভয়ের বিরুদ্ধে মারামারির বিষয়টি প্রমাণিত হওয়ায় উভয়কে সাময়িকভাবে বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আরও তদন্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। মামলায় চাঁদাবাজির বিষয়টি প্রমাণিত হলে উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।