সাভারে স্কুলবাস ভাঙচুর, পাঁচ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অবরোধকারীরা একটি স্কুলবাস ভাঙচুর করে পেট্রল ঢেলে দেন। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এগিয়ে আসায় তাঁরা আগুন ধরাতে পারেননি। এতে দগ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পায় অর্ধশত শিক্ষার্থী।
তবে হামলায় জানালার ভাঙা কাচের আঘাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পর জিরাবোতে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গতকালের সব শ্রেণীর পরীক্ষা স্থগিত করা হয়। ওই পরীক্ষা আগামী শুক্রবার হবে।
সাভার মডেল থানার পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বার্ষিক পরীক্ষায় অংশ নিতে গতকাল সেনাবাহিনীর সদস্যদের পাহারায় দুটি বাসে করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীদের স্কুলে নেওয়া হচ্ছিল। সাভার ব্যাংক টাউন এলাকা থেকে ছেড়ে আসা দুটি বাস বেলা একটার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রাজ্জাক প্লাজার সামনে পৌঁছামাত্র একটি গলি থেকে অবরোধকারীরা শিক্ষার্থীদের একটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে পেট্রল ঢেলে দেন। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যান। ভাঙা কাচের আঘাতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আলাবি, সাফিন, শায়লাসহ পাঁচজন আহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পেছনের বাসে থাকা সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, বাস দুটি সাভার বাসস্ট্যান্ড এলাকা পার হওয়ার সময় তারা একটি মিছিল দেখতে পায়। ২০ থেকে ২৫ জনের ওই মিছিল থেকে হঠাৎ করে বাসটিতে ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠির আঘাতে দুই পাশের গ্লাস ভেঙে দেওয়া হয়।
একজন শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম বলেন, অবরোধের কারণে তাঁরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাঁদের কথায় সাড়া দেয়নি।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা বলেন, বাসে ভাঙচুরের পর অবরোধকারীরা আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তে পুলিশ তাড়া করলে তাঁরা পালিয়ে যান।