সাভারে স্ত্রী খুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়ায় গত মঙ্গলবার এক ব্যক্তি শ্বাসরোধ করে তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।সাভার থানার পুলিশ ও নিহত গৃহবধূর পারিবারিক সূত্রের ভাষ্যমতে, প্রায় নয় বছর আগে পাবনার ফরিদপুর উপজেলার খলিসাদহ গ্রামের মেহেদী হাসানের (২৬) সঙ্গে একই উপজেলার মাদারজানি গ্রামের নীলা পারভীনের (২২) বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর মেহেদী পরিবারসহ সাভারে এসে বাসের চালকের সহকারীর চাকরি নেন। বছর তিনেক আগে মেহেদী নেশায় আসক্ত হয়ে পড়লে সংসারে অভাব দেখা দেয়। এতে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। নেশার টাকার জন্য মেহেদী তাঁর স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। এসব কারণে নীলা তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করলে মাস তিনেক আগে মেহেদীকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় নীলা তাঁর দুই সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুরে বোন নাহিদার বাসায় চলে যান।সূত্রমতে, মাস দুয়েক আগে মেহেদী জেল থেকে ছাড়া পেয়ে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। আগের সব ভুলে গিয়ে নীলাকে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দেন। স্বামীর কথামতো দুই সন্তানকে বোনের বাসায় রেখে মঙ্গলবার বিকেলে নীলা হেমায়েতপুরের ঋষিপাড়ায় স্বামীর বাসায় যান। সন্ধ্যায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে নীলা তাঁর স্বামীর বুকে লাথি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর লাশ ঘরের ভেতরে রেখে বাইরে চলে যান তিনি। রাত নয়টার দিকে মেহেদী বাসায় ফিরলে এক প্রতিবেশী তাঁর কক্ষে যান। এ সময় নীলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। ওই প্রতিবেশী স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে তাঁরা মেহেদীকে আটক করার পর খুনের বিষয়টি নিশ্চিত হন। পরে সাভার থানার পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে নীলার বোন নাহিদা আক্তার গতকাল বুধবার সাভার থানায় হত্যা মামলা করেছেন। নাহিদা বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই মেহেদী তাঁর বোনকে টাকার জন্য নির্যাতন করতেন। এ জন্য নীলা মেহেদীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী পরিকল্পিতভাবে তাঁর বোনকে ফুসলিয়ে সাভারে এনে হত্যা করেন।পুলিশি হেফাজতে থাকা মেহেদী প্রথম আলোকে বলেন, ‘স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার করার জন্যই জেল থেকে ছাড়া পেয়ে নীলার সঙ্গে যোগাযোগ করি। তাকে হত্যার কোনো পরিকল্পনা আমার ছিল না। কিন্তু কথা বলার একপর্যায়ে নীলা আমার সঙ্গে থাকতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে নীলা আমার বুকে লাথি মারলে আমি সহ্য করতে না পেরে রাগের মাথায় তাকে হত্যা করি।’সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী তাঁর স্ত্রী নীলাকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন।