সাভারে সড়ক দুর্ঘটনায় ইডেন কলেজের ছাত্রী নিহত
ঢাকার সাভারে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাস উল্টে কানিজ সুবর্ণা (২০) নামের ইডেন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি ঢাকার আশুলিয়া থানার সেন আওলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা জহিরুল হকের মেয়ে। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে মানিকগঞ্জের সাটুরিয়াগামী জনসেবা পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা কানিজ সুবর্ণা ঘটনাস্থলেই মারা যান। বাকি যাত্রীরা নিরাপদে বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। নিহতের বড় বোন রাবিয়া বেগম জানান, ‘কানিজ সুবর্ণা ইডেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। গতকাল দুপুরে সে কলেজ থেকে বাড়ি ফিরছিল।’ সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সাভার থানায় মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।