সাভারে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শহীদুল ইসলাম ওরফে তুষার নিহত হয়েছেন।
শহীদুল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।
ছাত্রদল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম, শহীদুলসহ চার নেতা-কর্মী বিআরটিসির আর্টিকুলেটেড বাসে করে বিশ মাইল থেকে সাভারে যাচ্ছিলেন। শহীদুল বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রের সামনে বাসটি হঠাৎ এক পাশে চেপে গেলে দাঁড় করিয়ে রাখা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খান শহীদুল। এতে তিনি সড়কে পড়ে যান। আহত অবস্থায় তাঁর সঙ্গে থাকা অন্যরা তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় প্রক্টর তপন কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নিহত ছাত্রের লাশ তাঁর বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।