সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুর এলাকায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৩০)। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী। আহত ব্যক্তির নাম রতন মিয়া (২৫)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। দুজনই কাঁচামাল ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিবুর ও রতন গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় থাকেন। তাঁরা কাঁচামালের ব্যবসা করেন। প্রতিদিন ভোরে কাঁচামাল কিনতে তাঁরা মোটরসাইকেলে করে চন্দ্রা থেকে হেমায়েতপুর আসেন। আজ ভোরে হেমায়েতপুর এলাকায় মোল্লা সিএনজি পাম্পের পাশের সড়ক বিভাজকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মজিবুর সড়কের ডানদিকে এবং রতন বাঁদিকে ছিটকে পড়েন। এ সময় দ্রুত গতির একটি বাস মজিবুরকে চাপা দেয়। দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মজিবুর মারা যান। রতন হাসপাতালে চিকিত্সাধীন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।