ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে গতকাল শুক্রবার ফরিদপুরগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোতালেব হোসেন (৩৭) নামে এক পথচারী মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মোতালেব কর্মস্থল থেকে বের হয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে বাসটি আটক করে ভাঙচুর চালায়। এরপর তারা চালককে গ্রেপ্তারের দাবিতে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে জনতা ক্ষিপ্ত হয়ে বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরে উপস্থিত পুলিশ কর্মকর্তারা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে জনতা অবরোধ তুলে নেয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান দুর্ঘটনায় একজন নিহত ও বাসটি পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।মোতালেব সাভারের রোজ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি। তাঁর বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে।