সাভারে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত এবং অপর এক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। অবরোধের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত হন আতিকুর রহমান (৪০)। আহত হয়েছেন তাঁর স্ত্রী শাহিদা আক্তার (৩৫) ও সাত মাসের শিশুকন্যা তানিশাসহ আরও কয়েকজন। আতিকুর রহমান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার হলুদগড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে। চাকরি করতেন আশুলিয়ার একটি পোশাক কারখানায়। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি একটি ট্যাক্সিক্যাবে করে শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী ক্যাবটি সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকাগামী একটি বাস ওই ক্যাবটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।গতকাল সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় এনভয় গ্রুপের অপারেটর নাসিমা আক্তার (২১) কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শ্রমিক আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার কয়েক হাজার শ্রমিক রাত আটটার দিকে কারখানার সামনে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ছয়টি যানবাহন ভাঙচুর করেন।