সাভারে হচ্ছে মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার
রপ্তানির আগে মৎস্যজাত পণ্যে রাসায়নিক দূষণের উপস্থিতি পরীক্ষায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ পরীক্ষাগার’ স্থাপিত হচ্ছে ঢাকার সাভারে। সাভারের সিঅ্যান্ডবি এলাকায় গতকাল বুধবার দুপুরে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহায়তায় ‘স্ট্রেন্দেনিং অব ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচার ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় মৎস্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর লক্ষ্য মৎস্যজাতীয় খাদ্যের নিরাপত্তা এবং মান ব্যবস্থাপনা শক্তিশালী করা। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। এটি বাস্তবায়িত হলে ক্রেতা দেশগুলোর পরীক্ষণ-সম্পর্কিত চাহিদা শতভাগ পূরণ সম্ভব হবে। তখন এটি দেশের ১৬ কোটি লোকসহ দেশি-বিদেশিদের জন্য নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘এর আগে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানিকৃত মৎস্যজাত পণ্যের ২০ শতাংশ রি-চেকিং (পুনঃ পরীক্ষা) করলেও আমাদের গৃহীত নানামুখী ইতিবাচক কর্মকাণ্ডে তা প্রত্যাহার করে নেয়। তাই রপ্তানির আগে মৎস্যজাত পণ্যে রাসায়নিক দূষণের উপস্থিতির নিখুঁতভাবে পরীক্ষার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন এ পরীক্ষাগারটি নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্যসচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ ও প্রকল্প পরিচালক ছালেহ আহমেদ উপস্থিত ছিলেন।