সাভারে হলমার্ক গ্রুপের কারখানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার সাভারের হেমায়েতপুরে অবস্থিত হলমার্ক গ্রুপের সব পোশাক কারখানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে গতকাল সোমবারও বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকেরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে কারখানার মূল ফটকে তালা ঝুলতে দেখেন। এ সময় তাঁরা গত মাসের বেতনের দাবিতে ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে শ্রমিকেরা বাড়ি চলে যান। পুলিশ জানায়, বেতনের দাবিতে পাঁচ দিন ধরে হলমার্ক গ্রুপের শ্রমিকেরা বিক্ষোভ করছেন। রোববার শ্রমিকেরা সড়ক অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে রাতেই কারখানার কর্তৃপক্ষ গতকাল থেকে বুধবার পর্যন্ত প্রতিষ্ঠানের সব কারখানা ছুটি ঘোষণা করে কারখানার মূল ফটকে বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়। শ্রমিকেরা বলেন, বেতন না পাওয়ার কারণে তাঁরা গত মাসের বাসা ভাড়াসহ দোকানের বকেয়া পরিশোধ করতে পারেননি। অনেক বাসার মালিক তাঁদের বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন। এ কারণেই তাঁরা আন্দোলনে নেমেছেন।