সাভারে হলমার্কের কারখানায় আবারও ছুটি ঘোষণা
ঢাকার সাভারের হেমায়েতপুরে অবস্থিত হলমার্ক গ্রুপের সব পোশাক কারখানায় আরও তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সাভার থানার পুলিশ ও কারখানা সূত্র জানায়, অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ গত সোমবার হলমার্ক গ্রুপের সব পোশাক কারখানা তিন দিনের জন্য ছুটি ঘোষণা করে। তিন দিন বন্ধ থাকার পর গতকাল শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল।সূত্র জানায়, আগের ঘোষণা অনুযায়ী গতকাল সকাল আটটার দিকে প্রায় ১০ হাজার শ্রমিক কর্মস্থলে উপস্থিত হন। এ সময় তাঁরা কারখানার মূল ফটকে ছুটি ও রোববার বেতন পরিশোধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা থাকলেও টাকা জোগাড় না হওয়ায় কর্তৃপক্ষ আরও তিন দিন ছুটি বাড়িয়ে রোববার বেতন পরিশোধ করা হবে বলে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী রোববার তারা বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। বিষয়টি শ্রমিকদের বুঝিয়ে বলার পর তাঁরা চলে যান।