সাভারে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ইমান্দিপুর এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁ অবস্থায় শাবদুল আলিম (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাবদুলের পরিবারের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। সাভার বাসস্ট্যান্ডে শাবদুল আলিমের মুদি দোকান রয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ইমান্দিপুর এলাকার নিজ বাসা থেকে বের হয়ে শাবদুল আর বাসায় ফেরেননি। রাতভর খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি সাভার থানার পুলিশকে জানানো হয়। ইমান্দিপুর এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির শ্রমিকেরা সকাল আটটার দিকে কাজে এসে মেঝের ওপর একটি লাশ দেখতে পান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সাভার থানার পুলিশ গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় শাবদুলের লাশ উদ্ধার করে। পরে স্বজনেরা থানায় গিয়ে লাশ তাঁর শনাক্ত করেন। নিহত ব্যবসায়ীর বোন ইমান্দিপুর এলাকার বাসিন্দা সাহিদা বেগম জানান, রাত সাড়ে নয়টার দিকে তাঁর ভাই তাঁদের বাসায় যান। সেখান থেকে রাত ১২টার দিকে এক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যান। সকালে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সাভার থানার উপপরিদর্শক (এসআই) এবং তদন্ত কর্মকর্তা ফারুক কামাল জানান, রাত দুইটার দিকে শাবদুলকে বাসার সামনে একটি দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হত্যার ঘটনাটি এর পরের। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল আলিম হত্যা মামলা করেছেন।