সাভারে হামলায় আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু
পানি নিতে বাধা দেওয়ায় প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি, পরে পরিকল্পিত হামলা। আর ওই হামলার শিকার হয়ে হাসপাতালে টানা ৩২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শুক্রবার দুপুরে মারা গেছেন নিরাপত্তাকর্মী নয়ন শেখ (১৯)। গত বৃহস্পতিবার ভোরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে জালেশ্বর এলাকায় নয়ন শেখের ওপর হামলা চালানো হয়। নয়ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের রাসেল শেখের ছেলে। মাস দুয়েক আগে তিনি সাভারের রাজাশন এলাকার উদ্দীপ্ত সিকিউরিটি সার্ভিসে চাকরি নেন।
সাভার মডেল থানার পুলিশ ও উদ্দীপ্ত সিকিউরিটি সার্ভিসের কর্মকর্তারা জানান, নয়ন গত বুধবার রাতে জালেশ্বর এলাকায় শুভ্র নামের একটি রড-সিমেন্টের দোকানে পাহারার দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সোহেল নামের এক তরুণ ওই প্রতিষ্ঠানে পানি নিতে এলে নয়ন বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর মিনিট দশেক পরে সোহেল কয়েকজন সহযোগী নিয়ে এসে নয়নের ওপর অতর্কিত হামলা চালান। মাথায় লাঠির আঘাতে নয়ন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে (১৮) গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। সোহেলের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তিনি সাভারে থেকে বাসচালকের সহকারীর কাজ করতেন।
উদ্দীপ্ত সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন বলেন, মারধরের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নয়নকে স্থানীয় সুপার ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ওই দিন রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অক্সিজেন না থাকার অজুহাতে চিকিৎসকেরা ভর্তি করতে অপারগতা প্রকাশ করায় রাত ১১টার দিকে নয়নকে রাজধানীর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা দুইটার দিকে নয়নের মৃত্যু হয়।