সাভারে হেপাটাইটিস বির প্রতিষেধক নিয়ে যা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে একটি প্রতিষ্ঠানের অদক্ষ কর্মীদের কাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাভার পৌর এলাকার বাড্ডা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার ওই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হুমায়ূন কবীর, মামুন, রাবেয়া খাতুন, শাহীনুর আক্তার ও রেশমা খাতুন নামের ওই প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে আটক করেছে। তাঁরা সবাই তিন মাস আগে প্রতিষ্ঠানটিতে যোগদান করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী লোকজন আর এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক নেওয়ার জন্য প্রকাশ হেলথ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েক দিন ধরে পৌরসভার অমরপুর, কাঞ্চনপুর, বাড্ডা, ভাটপাড়া, পোড়াবাড়ি, আড়াপাড়া ও উত্তরপাড়া এলাকায় প্রচারণা চালানো হয়। আগের ঘোষণা অনুযায়ী, বাড্ডা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সকালে টিকাদান ক্যাম্প বসানো হয়। বাড্ডা উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা সকাল থেকেই ওই ক্যাম্পে গিয়ে প্রতিষেধক নেন। প্রতিষেধকের মূল্য বাবদ তাঁদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা আদায় করা হয়।
প্রকাশ হেলথ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয় সাভারের হেমায়েতপুরে। এর চেয়ারম্যান ইব্রাহিম খলিল। মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পুলিশের কাছে আটক টিকাদান ক্যাম্পের প্রধান ও ওই প্রতিষ্ঠানের কর্মী হুমায়ূন কবীর দাবি করেন, ঢাকার সিভিল সার্জন তাঁদের প্রতিষ্ঠানকে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় হেপাটাইটিস বি, টাইফয়েড, জরায়ুমুখে ক্যানসারের প্রতিষেধক প্রয়োগের অনুমতি দিয়েছেন। এর ভিত্তিতেই গতকাল বাড্ডা উচ্চবিদ্যালয় মাঠে হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
সিভিল সার্জনের ওই অনুমতিপত্রে প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও উপযুক্ত চিকিৎসক দিয়ে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হলেও গতকালের টিকাদান ক্যাম্পে দক্ষ কেউই ছিলেন না।
ওই পত্রে টিকাদান কর্মসূচির সাত দিন আগে সিভিল সার্জনকে অবহিত করে টিকা প্রয়োগের দিন তাঁর প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। কিন্তু গতকাল সিভিল সার্জনের কোনো প্রতিনিধি ছিলেন না।
গতকাল আলাপকালে স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রতিষেধক নেওয়ার কিছু সময় পর অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অনেকের মাথা ঘুরতে থাকে। একজন জ্ঞানও হারিয়ে ফেলেন।
অমরপুর গ্রামের রাজু আহাম্মেদ বলেন, প্রতিষেধক টিকা দেওয়ার আগে তাঁর ছেলে রিয়াজুল আহাম্মেদের (৮) রক্ত পরীক্ষা করে তার শরীরে বি ভাইরাস থাকার কথা জানানো হয়। এ সময় ভয়ে তাঁর ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়ভাবে তাকে সুস্থ করা হয়।
একই এলাকার সাজেনুর বেগম বলেন, প্রচারে আকৃষ্ট হয়ে ৮০০ টাকার বিনিময়ে তাঁর ছেলে সোহান (১১) ও মেয়ে রাজিউনকে (৭) গতকাল হেপাটাইটিস বি ভাইরাসের প্রতিষেধক টিকা দেন। এর কিছু সময় পর থেকে তাদের মাথা ঘুরাতে থাকে।
প্রতিষেধক নিয়ে ব্যথায় অসুস্থ হয়ে পড়ে বাড্ডা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ হোসেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভুক্তভোগী লোকজনের কাছ থেকে খবর পেয়ে পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।