সাভারে হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল মঙ্গলবার দুপুরে কালু মিয়া (৬০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালু মিয়া বগুড়ার মহাস্থানগড় এলাকার বাসিন্দা।তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
সাভার মডেল থানার পুলিশ জানায়, কালু মিয়া গত রোববার পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে সাভার চলে আসেন। সোমবার রাত আটটার দিকে বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড নামে একটি আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল দুপুর পর্যন্ত কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কক্ষে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হোটেলের সুপারভাইজার রাজীব আহমেদ বলেন, কালু মিয়া তাঁদের হোটেলে আসার পর কক্ষ থেকে বের হননি। দুপুর পার হয়ে গেলে তাঁদের সন্দেহ হয়। পরে কক্ষে গিয়ে খাটের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, সপ্তাহ খানেক আগে ধারদেনা করে কাঁচামাল কিনে বিক্রির জন্য এক ট্রাক রাজধানীর মিরপুরে পাঠান। কিন্তু ট্রাকটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। এ কারণে ধারের টাকা পরিশোধ করতে না পেরে তিনি চাপে ছিলেন। তবে কালু মিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।