সাভারে ১০টি যানে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালকে কেন্দ্র করে আজ রোববার ঢাকার অদূরে সাভারের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আজ ভোর পাঁচটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে আশুলিয়ার কবিরপুর এলাকায় দুর্ঘটনাকবলিত একটি বাসে আগুন দেয় পিকেটাররা।

ওসি বদরুল আলম আরও জানান, একই সময়ে আশুলিয়ার নরসিংহপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। দুটি মোটরসাইকেলে করে এসে যুবকেরা পেট্রল ঢেলে বাস দুটিতে আগুন দিয়ে চলে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিএনপির কর্মীরা বাধা দেন। এতে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।

ধামরাই থানার ওসি আবদুর রশীদ জানান, ভোর ছয়টার দিকে ধামরাইয়ের শ্রীরামপুরে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় যুবকেরা।

সাভার থানার ওসি মোস্তফা কামাল জানান, ভোর ছয়টার দিকে সাভারের গেন্ডা এলাকায় একটি পেট্রলপাম্পে থেমে থাকা বাসে আগুন দিয়ে চলে যায় পিকেটাররা।

আমিনবাজারে পাঁচ থেকে ছয়টি গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ডেইরি ফার্ম গেটে সকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়।