সাভারে ১৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ১৬ দিন পর ঢাকার সাভার পৌর এলাকার বখতারপুর মহল্লার শিশু আবদুর রশীদের (৪) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
রশীদ পোশাকশ্রমিক মিজানুর রহমান ও লাভলী বেগমের একমাত্র সন্তান। লাভলী বেগমের কাছে টাকা পাওনা নিয়ে আবদুল কাইয়ুম নামের এক ব্যক্তি রশীদকে খুন করতে পারে বলে ধারণা করছেন মিজানুর ও পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্র জানায়, আবদুর রশীদ গত ২১ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে বখতারপুরের ভাড়াবাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় খেলছিল। কিছুক্ষণ পর সে নিখোঁজ হয়। ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত রোববার বিকেলে বাসা থেকে ১০০ গজ দূরে একটি মাঠের বালুর মধ্য থেকে রশীদের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিলপাড়া গ্রামে নিজ বাড়িতে রশীদের লাশ দাফন করা হয়।
মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মাস দেড়েক আগে তাঁর স্ত্রী লাভলী বেগম মাসে তিন হাজার টাকায় এলাকার দরজি আবদুল কাইয়ুমের কাছে সেলাইয়ের কাজ শিখতে যান। তিন দিন পর সাভারের একটি পোশাক কারখানায় লাভলীর চাকরি হওয়ায় সেলাই শেখা বাদ দেন। এরপর কাইয়ুম তাঁদের কাছে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে কাইয়ুমের তুমুল বাগিবতণ্ডা হয়। এর কয়েক দিন পরই রশীদ নিখোঁজ হয়। এরপর কাইয়ুম স্ত্রী-সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে যান।
এ ঘটনায় মিজানুর রহমান সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। এতে আবদুল কাইয়ুমকে সন্দেহভাজন হিসেবে আসামি করা হয়েছে।
মিজানুর বলেন, ওই এলাকার এক নারী তাঁদের জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিন দুপুরের দিকে তাঁর ছেলে রশীদকে কাইয়ুমের সঙ্গে যেতে দেখেছে।
জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘রশীদ হত্যার রহস্য আমাদের কাছে প্রায় উন্মোচিত। কাইয়ুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’