ঢাকার সাভার উপজেলার দক্ষিণ রাজাসন গ্রামে মমিনুল ইসলাম নামের এক ব্যক্তির পোলট্রি খামারে মুরগির মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে। আক্রান্ত হওয়ায় খামারটির এক হাজার ৭০০ মুরগি গতকাল শনিবার মেরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার খামারটির কয়েকটি মুরগি মারা যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়। খবর পেয়ে ওই দিনই মরা মুরগির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় ঢাকার কেন্দ্রীয় রোগ নির্ণয় পরীক্ষাগারে (সিডিআইএল)। পরীক্ষায় বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর খামারের সব মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শনিবার সকালে খামারটির এক হাজার ৭০০ মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়।সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদুল আলম খামারটিতে বার্ড ফ্লু ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।