সাভারে ১৮ টন রডসহ ট্রাক ছিনতাই, সহকারী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজার এলাকা থেকে সোমবার ভোরে রডবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টা পর অর্ধচেতন অবস্থায় ট্রাকের চালক ওয়াজ উদ্দিনকে (৫০) রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার করা হলেও চালকের সহকারী আনোয়ার হোসেন (২২) নিখোঁজ রয়েছেন। ট্রাক মালিক আশুলিয়ার রোস্তমপুরের দীন ইসলাম জানান, গত রোববার বিকেল চারটার দিকে ট্রাকটি ১৮ টন রড নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সাভারের উদ্দেশে রওনা হয়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে ট্রাকটি আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি খালি ট্রাক দিয়ে ডাকাতেরা রডবোঝাই ট্রাকের গতিরোধ করে। এরপর ১০-১২ জন ডাকাত ওই ট্রাকে উঠে চালক ওয়াজ উদ্দিনকে নিচে নামিয়ে মারপিটের পর জোর করে চেতনানাশক দ্রব্য পান করায়। এর পরই তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন হওয়ার পর তাঁকে ত্রিপল দিয়ে মুড়িয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় ডাকাতেরা। তবে গতকাল সন্ধ্যা পর্যন্তও চালকের সহকারী আনোয়ার হোসেনের কোনো খোঁজ মেলেনি।ওয়াজ উদ্দিন জানান, সকাল আটটার দিকে তাঁর জ্ঞান ফিরে এলে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর বিষয়টি ট্রাকের মালিককে জানান। মাস খানেক আগেও একই এলাকা থেকে ডাকাতেরা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়াবাজার গ্রামের জনৈক সুব্রত সাহার ২০ টন রডসহ একটি ট্রাক ছিনিয়ে নেয়। ট্রাকটি রড নিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে রাজবাড়ীতে যাচ্ছিল। এদিকে, গতকাল ভোরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও সাভার থানা সন্ধ্যা পর্যন্ত মামলা নথিভুক্ত করেনি বলে অভিযোগ করেন ট্রাক মালিক দীন ইসলাম। তবে রাত সোয়া নয়টার দিকে যোগাযোগ করা হলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ মামলা নথিভুক্ত হওয়ার কথা স্বীকার করেন।