আওয়ামী ফাউন্ডেশনের বৈঠকে প্রধানমন্ত্রী
সাভারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট হবে
আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে সাভারে নার্সিং ইনস্টিটিউট ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত হাসপাতালটি হবে অলাভজনক। সর্বস্তরের মানুষ টোকেন মূল্যে এর চিকিৎসাসুবিধা পাবেন। এর নাম হবে ফজিলাতুন্নিসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল। গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসদের প্রথম বৈঠকে এর চেয়ারম্যান শেখ হাসিনা হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেন। বৈঠকে উপস্থিত সবাই এ প্রস্তাবকে সমর্থন করেন। ২১ বিঘা জমির ওপর হাসপাতালটি নির্মাণ করা হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা আওয়ামী ফাউন্ডেশনের সদস্য। গতকালের বৈঠকে শেখ হাসিনা ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং আওয়ামী ফাউন্ডেশনের সদস্য সচিব এইচ এন আশিকুর রহমান মঞ্চে বসেন। তাঁরা সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বৈঠকে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, আমির হোসেন আমু, আবদুল জলিল, দীপু মনি প্রমুখ।বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, মানুষের কল্যাণের কথা চিন্তা করে ফাউন্ডেশনের অধীনে হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।