সাভারে ৯ বাড়িতে ডাকাতি
ঢাকার সাভার পৌর এলাকার ছোবাহানবাগ ও জামসিং হাউজিং সোসাইটিতে গত মঙ্গলবার রাতে নয় বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা একের পর এক বাড়িতে হানা দিয়ে গ্রিল ও দরজা ভেঙে ঘরে ঢুকে ৫৪ ভরি সোনার গয়না ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল ডাকাত পৌর এলাকার ছোবাহানবাগে ব্যবসায়ী গোলাম মোস্তফার বাসায় হানা দেয়। ডাকাতেরা এ বাড়ির দ্বিতীয় তলার পূর্ব পাশের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পিস্তল ও চাপাতির মুখে বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। আলমারি ভেঙে ৪০ ভরি ওজনের সোনার গয়না ও নগদ আড়াই লাখ টাকা লুটে নেয়।
গোলাম মোস্তফা বলেন, আধা ঘণ্টার মধ্যে লুটপাট শেষ হলেও ভোর সাড়ে চারটা পর্যন্ত ডাকাতেরা তাঁর বাসায় অবস্থান করে। এ সময় তারা চা ও কফি বানিয়ে পান করে। সাড়ে চারটার দিকে একটি গাড়ি এলে ডাকাতেরা চলে যায়। এদিকে রাত একটার দিকে ছোবাহানবাগ থেকে দেড় কিলোমিটার দূরে জামসিং হাউজিং সোসাইটিতে হানা দিয়ে ডাকাতেরা একটি একতলা ভবনের ভাড়াটে আবদুর রহমান ও মোফাজ্জল হোসেনের ফ্ল্যাটের গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা অস্ত্রের মুখে বাসার লোকজনকে জিম্মি করে আবদুর রহমানের বাসা থেকে ১২ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের মারধরে আবদুর রহমানের ছেলে সাইফুল্লাহ আহত হন। ডাকাতেরা এ সময় মোফাজ্জলের বাসা থেকে এক ভরি ওজনের সোনার গয়না ও ১০ হাজার টাকা লুটে নিয়ে যায়। রাত আড়াইটার দিকে ডাকাতেরা একই এলাকার মোবারক হোসেন ও তাঁর ভাই জামাল হোসেনের বাসায় হানা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এক ভরি ওজনের সোনার গয়না ও নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতদের মারধরে জামাল আহত হন। একই সময় পাশের আবদুর রহমানের বাড়ি থেকে পাঁচ হাজার টাকা ও একটি মুঠোফোন সেট লুটে নিয়ে যায় ডাকাতেরা। রাত তিনটার দিকে ডাকাতেরা একই এলাকার জাকির হোসেনের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। জাকির গাড়ি চালিয়ে বাড়ি ফিরে ডাকাত দেখে চিৎকার করেন। ডাকাতেরা দরজা না ভেঙে জাকিরের বুকে পিস্তল ঠেকিয়ে তাঁর কাছে থাকা ছয় হাজার টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। এরপর পাশের নুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কয়েক হাজার টাকা নিয়ে যায়। পরে ডাকাতেরা পাশের জহিরুল ইসলামের বাড়িতে হানা দিলেও দরজা ভাঙতে না পেরে চলে যায়। গোলাম মোস্তফা, মোবারক হোসেন ও জাকির হোসেনসহ অন্যরা জানান, ডাকাতদের হাতে চাপাতি, পিস্তল ও বন্দুক ছিল। ঘরের ভেতরে পাঁচ থেকে সাতজন সশস্ত্র ডাকাত ঢুকলেও বাইরে এর চেয়েও বেশিসংখ্যক ডাকাত ছিল। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছে। ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এ ছাড়া জামসিং এলাকায় মঙ্গলবার রাতে কোনো ঘটনা ঘটেনি।