সাভারে ৯ স্থানে নিয়মিত যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা, ইসলামপুর এবং সাভারের নয়ারহাট, বিশমাইল, সিঅ্যান্ডবি, সাভার বাজার বাসস্ট্যান্ড, গেন্ডা, উলাইল ও আমিনবাজার—এই নয় জায়গায় যানজট নিত্যদিনের দৃশ্য। মহাসড়কের পাশে বালুর গদি, বাজার ও পোশাক কারখানা থাকায় যানজট সৃষ্টি হয় বলে জানা গেছে।

পরিবহনশ্রমিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আছে একটি বড় পোশাক কারখানা।¯এই কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা অন্তত ছয় হাজার। বিকেলে ছুটির পর শ্রমিকেরা একসঙ্গে কারখানা থেকে বের হন। তাঁদের পরিবহনের জন্য আগে থেকে নির্ধারিত বাস এসে জড়ো হয় মহাসড়কে। এ কারণে মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়। সৃষ্টি হয় যানজটের। একই কারণে যানজটের সৃষ্টি হয় সাভারের উলাইল এলাকায়। মহাসড়কের পাশের একটি কারখানায় কয়েক হাজার শ্রমিকের আসা-যাওয়ার কারণে এই এলাকায় সকাল-বিকেল যানজটের সৃষ্টি হয়।  

ঢুলিভিটা থেকে এক কিলোমিটার দূরে ইসলামপুরে মহাসড়কের এক পাশে আছে প্রায় অর্ধশত বালুর গদি। অন্য পাশে বাজার। বালু পরিবহনের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ট্রাক চলাচল করে। এতে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। আর বাজারের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় ভোরের দিকে। পাশের নয়ারহাট এলাকার যানজটের মূল কারণও বালুর গদি, বাজার ও বিকল্প সড়ক। বংশী নদীর তীর দখল করে নয়ারহাটে গড়ে উঠেছে অন্তত ২০টি বালুর গদি। বালু পরিবহন আর বাজারে পণ্য আনা-নেওয়ার জন্য প্রতিদিন কয়েক শ ট্রাক চলাচল করে। এ ছাড়া নয়ারহাট থেকে সাভারের মধ্যে চলাচলের জন্য অনেকে বিকল্প সড়কে চলাচল করে থাকে। বাজার, বালুর গদি আর বিকল্প সড়ক হয়ে আসা যানবাহন মহাসড়কে ওঠার সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। এভাবে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। কোনো কোনো দিন যানবাহনের সারি মহাসড়কের দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ঢুলিভিটার কাছে মহাসড়কের পাশে যে কারখানা রয়েছে, তাতে যানবাহন রাখার কোনো জায়গা নেই। এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ইসলামপুর ও নয়ারহাট এলাকায় যানজটের মূল কারণ বালু বহনকারী ট্রাক। ওসি বলেন, চাকরিজীবীরা যাতে সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেন এ জন্য অফিস চলাকালীন ইসলামপুরে বালু পরিবহন বন্ধ রাখা হয়। সকাল নয়টার পর বালুর ট্রাক ছেড়ে দিলে যানজটের সৃষ্টি হয়।

বিশমাইল ও সিঅ্যান্ডবি এলাকায়ও মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হয়। এই দুই জায়গায় যানজট হয় জিরাব-বিশমাইল ও সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের যানবাহন চলাচলের কারণে। ওই দুই সড়কের কোনো যানবাহন মহাসড়কে উঠলে এবং মহাসড়ক থেকে ওই দুই সড়কে গেলে মহসড়কে চলাচলরত যানবাহনের গতি কমে যায়।

মহাসড়কের পাশে বাজারের কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হয় গেন্ডা এলাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্যবোঝাই ট্রাক মহাসড়কের ওপর রেখে পণ্য নামানো হয়। এ ছাড়া রাজধানীতে ঢোকার পথে আমিনবাজরে প্রায় প্রতিদিন বিকেলে যানজটের সৃষ্টি হয়। ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে রাজধানীতে ঢুকতে না পারায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে পরিবহনশ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে।

গত কয়েক দিনে সরেজমিনে দেখা যায়, গেন্ডা এলাকার বাজার পৌরসভার নির্ধারিত সীমানা পার হয়ে মহসড়কের ওপর বিস্তৃত হয়ে পড়েছে। এ ছাড়া যাত্রী ওঠানামার নির্ধারিত স্থান দখল করে রেখেছে পণ্যবাহী ট্রাক ও রিকশাভ্যান। নয়ারহাট ও ইসলামপুর এলাকায় বালু পরিবহনের জন্য প্রতি ১০ মিনিটে অন্তত একটি ট্রাক চলাচল করে। এ সময় যানজটপ্রবণ এলাকাগুলোতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

বাসচালক রেজাউল করিম বলেন, ইসলামপুর ও নয়ারহাট এলাকায় বালুবোঝাই ট্রাক যখনই মহাসড়কে ওঠে, তখনই অন্য যানবাহনের গতি কমে যায়। এভাবে একটার পর একটা যানবাহন থেমে যানজটের সৃষ্টি হয়।

রাজধানীর মতিঝিলের ব্যাংক কর্মকর্তা ফারুক হোসেন বলেন, গেন্ডা ও উলাইলের যানজটের কারণে প্রায়ই তিনি সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না। সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি খন্দকার মোহাম্মদ হামিদ বলেন, মহাসড়ক ও সড়কের পাশের সরকারি জমি দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ, মহাসড়কের ওপর হাট-বাজার বসানো এবং আইনপ্রয়োগকারী সংস্থার উদাসীনতার কারণে মহাসড়কে যানজট হচ্ছে।

জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় যানজট নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মহসড়ক যানজটমুক্ত রাখতে শিগগিরই পুলিশের পক্ষ থেকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।