সাভারে ‘হেরোইন বাজার’
‘রেট পড়চেরে বাই, রেট পড়চে; পলা’ বলতে বলতে দৌড়াতে থাকেন এক যুবক। তাঁর সঙ্গে তাল মিলিয়ে দৌড়াতে থাকেন বিভিন্ন বয়সের আরও কয়েক শ মানুষ। মুহূর্তে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। গত শনিবার রাজধানীর অদূরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজাসংলগ্ন মজিদপুর এলাকায় সকাল নয়টার চিত্র এটি। খোঁজ নিয়ে জানা গেছে, এঁরা সবাই হেরোইনসেবী। পুলিশের একটি গাড়ি দেখে তাঁদের এ পলায়ন। যদিও পুলিশের ওই গাড়িটি অন্য কাজে যাওয়ার সময় সেখানে কিছুক্ষণ থেমে চলে যায়। সকাল সাড়ে ১০টার দিকে আবার জড়ো হতে থাকেন হেরোইনসেবীরা। এরপর বেশ কয়েকজন তরুণ-তরুণী সেখানে উপস্থিত হয়ে চাহিদা অনুযায়ী তাঁদের হাতে গোপনে হেরোইনের পুরিয়া গুঁজে দিয়ে কেটে পড়েন। স্থানীয় লোকজনের সঙ্গে আলাপ করে জানা গেছে, রানা প্লাজাসংলগ্ন গলি এবং গলির পাশের মজিদপুর ও রাঙ্গাবন নার্সারি সড়কটি ‘হেরোইন বাজার’ হিসেবে পরিচিত। প্রতিদিন ভোর থেকেই সেখানে হেরোইনসেবীদের পদচারণ শুরু হয়। রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের মানুষ হেরোইন কেনার জন্য এই ‘বাজারে’ আসেন। সেখানে তরুণদের পাশাপাশি তরুণীরাও হেরোইন সরবরাহ করে থাকেন।হেরোইন কিনতে প্রতিদিন সাভারে ছুটে আসেন মিরপুরের মোজাম্মেল হোসেন। তিনি জানালেন, কেনা হয়ে গেলে সুবিধাজনক কোনো স্থানে বসে তিনি তা সেবন করেন। এরপর বের হন জীবিকার টানে।মোজাম্মেল জানান, ওই ‘বাজারে’ প্রতিদিন সকাল নয়টা এবং বেলা তিনটার পর তাঁদের হেরোইন সরবরাহ করা হয়। ওই সময়গুলোতে বিভিন্ন স্থান থেকে হাজার খানেক লোক হেরোইন কেনার জন্য সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, এক যুগেরও বেশি সময় ধরে ওই ‘বাজারে’ হেরোইনের ব্যবসা করে আসছেন মুন্না নামের এক ব্যক্তি। ২০০৯ সালে এই ব্যবসার আধিপত্য নিয়ে তাঁর বাড়ির পেছনে দুই যুবক খুন হন। ওই হত্যা মামলায় মুন্নাকে প্রধান আসামি করে মামলা হয় সাভার থানায়। তারপর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। তবে তিনি না থাকলেও থেমে নেই হেরোইন বিক্রি। তাঁর প্রতিনিধিরাই এখন ব্যবসা চালাচ্ছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।হেরোইনের টাকা জোগাড়ে গাঁজা বিক্রি: প্রায় ১৫ বছর হেরোইন সেবন করছেন সাভার পৌর এলাকার উত্তর পাড়ার খোকন খান (৬৫)। একসময় তিনি ট্রাক চালাতেন। ১৫ বছর আগে হেরোইনে আসক্ত হওয়ার পর তিনি ট্রাকের স্টিয়ারিং ছেড়ে হাতে তুলে নেন গাঁজার পোঁটলা। ‘হেরোইন বাজারে’ বসেই কথা হয় তাঁর সঙ্গে। কথা প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন সকাল ও বিকেলে তাঁর চার পুরিয়া হেরোইন লাগে। হেরোইন সেবন না করে এক দিনও থাকতে পারেন না তিনি। আর চার পুরিয়া হেরোইন কিনতে প্রতিদিন তাঁর ২০০ টাকার প্রয়োজন হয়। গাঁজা বিক্রি করে তিনি এ টাকা জোগাড় করেন। তাঁর হেরোইনসেবী এক ভাতিজাও একই কাজ করেন বলে জানালেন তিনি। ‘হেরোইন বাজারের’ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, ‘এ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে একসময় ওই এলাকায় মাদক বেচাকেনা হতো। বর্তমানে কেউ সেখানে মাদক ব্যবসা করে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।