সাভারের অধিকাংশ বাসিন্দা বিদ্যুৎ-বৈষম্যের শিকার
বিদ্যুৎ কর্তৃপক্ষের বৈষম্যের শিকার হচ্ছেন ঢাকার সাভার পৌরসভার অধিকাংশ এলাকার বাসিন্দা। তাঁদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে গড়ে আট ঘণ্টার মতো বিদ্যুৎ পাচ্ছেন। অথচ পৌরসভার দক্ষিণাংশের বাসিন্দারা বিদ্যুৎ পাচ্ছেন ২০ ঘণ্টারও বেশি।পৌরবাসী বলছেন, আগের চেয়ে বিদ্যুৎ অনেক কম পেলেও বিল দিচ্ছেন দ্বিগুণ। এ জন্য তাঁরা বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।ভুক্তভোগী লোকজনের ভাষ্যমতে, সাভার পৌরসভার উত্তরাংশে সাভার বাজার রোড, নামাবাজার, উত্তরপাড়া, সবুজবাগ, ভাটপাড়া, বেঁদেপল্লি, ছায়াবীথি, পুড়াবাড়ী, জালেশ্বর, রেডিও কলোনি, ডগরমুড়া, শাহীবাগ, কাজীমুকমাপাড়া, মধ্যপাড়া, আড়াপাড়া, জামসিং, ওয়াপদা রোড, বনপুকুর, ব্যাংক কলোনি ও বিনোদবাইদ এলাকায় রাত-দিনে গড়ে আট ঘণ্টাও বিদ্যুৎ থাকে না।তবে এই বঞ্চনার বাইরে রয়েছেন একই পৌরসভার দক্ষিণাংশের এলাকা গেন্ডা, নামা গেন্ডা, ইমান্দিপুর, ভাগলপুর, কাতলাপুর, পূর্ব ভবানীপুর, রেজিস্ট্রি অফিস ও তালবাগসহ আশপাশের এলাকার বাসিন্দারা। এসব এলাকায় উপজেলা পরিষদ, সাভার থানা, সাভার পৌরসভা কার্যালয় ও মেয়রের বাসা থাকায় বিশেষ ব্যবস্থায় এখানকার বিদ্যুৎব্যবস্থার উন্নতি করা হয়েছে। বিদ্যুতের ‘লুকোচুরি খেলা’: বিভিন্ন এলাকার নাগরিকদের দেওয়া তথ্যানুযায়ী, পৌরসভার উত্তরাংশের বিভিন্ন এলাকায় গত সোমবার সকাল আটটায় বিদ্যুৎ চলে যায়। আসে সকাল নয়টায়। সাড়ে ১০টায় আবার যায়। দুপুর ১২টায় বিদ্যুৎ এলেও চলে যায় আধ ঘণ্টা পর। ওই বিদ্যুৎ আসে আড়াই ঘণ্টা পর বেলা তিনটায়। চলে যায় চারটায়। আসে সোয়া দুই ঘণ্টা পর। ১৫ মিনিট পর সাড়ে ছয়টায় আবার বিদ্যুৎ চলে যায়। আসে আড়াই ঘণ্টা পর রাত নয়টায়। এরপর বিদ্যুৎ যায় দুই ঘণ্টা পর রাত ১১টায়। আসে রাত সোয়া ১২টায়।এভাবে বিদ্যুৎ যাওয়া-আসা করে মঙ্গলবার সারা দিন। ওই দিন রাত ১১টায় বিদ্যুৎ চলে যায়। আসে বুধবার ভোর পাঁচটায়। বুধবার সকাল আটটায় আবার বিদ্যুৎ চলে যায়। আসে বেলা আড়াইটায়। আধা ঘণ্টা পর তিনটায় বিদ্যুৎ চলে যায়। চারটায় বিদ্যুৎ এলেও চলে যায় পাঁচটায়। সন্ধ্যা সাতটায় বিদ্যুৎ এসে নয়টায় চলে যায়। ওই বিদ্যুৎ আসে রাত ১২টায়। আবার বৃহস্পতিবার ভোর ছয়টায় বিদ্যুৎ চলে যায়। আসে সকাল সাড়ে সাতটায়। এভাবে চলছে বিদ্যুতের ‘লুকোচুরি খেলা’।পৌরসভার রেডিও কলোনির বাসিন্দা ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, ‘সাম্প্রতিক বিদ্যুৎবিভ্রাট অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আমাদের এলাকায় বিদ্যুৎ থাকে না বললেই চলে।’ওয়াপদা রোডের ব্যবসায়ী প্রবীর ঘোষ বলেন, আগে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে মাসে আড়াই থেকে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসত। এখন রাত-দিন মিলিয়ে আট ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অথচ বিল দিতে হচ্ছে মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা।সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল হোসেন মোল্লা বলেন, ‘নাগরিকদের কাছ থেকে আগের তুলনায় দ্বিগুণ বিদ্যুতের বিল আদায় করা হচ্ছে। কিন্তু ভোগান্তি বেড়েছে তারও বেশি।’নাগরিকদের অভিযোগ, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন শিল্প কারখানায় সংযোগ দেওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য: আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মর্তুজা বলেন, ‘বিদ্যুতের চাহিদা বাড়ায় বিভ্রাট বেড়েছে।’ একই সমিতির সহকারী মহাব্যবস্থাপক মামুন মোল্লা বলেন, সাভার পৌরসভার একাংশসহ ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড), সাভার ক্যান্টনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং টাঙ্গাইল ও গাজীপুরের কালিয়াকৈরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় আশুলিয়ার কবিরপুর গ্রিড ও ডিইপিজেড এলাকার একটি বিদ্যুৎকেন্দ্র থেকে। কিন্তু পৌরসভার অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সাভারের গেন্ডা গ্রিড থেকে। কবিরপুর ও ডিইপিজেড এলাকা থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গিয়ে পৌর এলাকার একাংশে বেশি লোডশেডিং করতে হয়। মামুন মোল্লা আরও বলেন, ডিইপিজেড এলাকার বিদ্যুৎকেন্দ্র থেকে আগে ২৭ থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। বর্তমানে পাওয়া যাচ্ছে ১৯ থেকে ২০ মেগাওয়াট। এ কারণে পৌরসভার একাংশসহ আশপাশের এলাকায় সরবরাহ আরও কমানো হয়েছে।