সাভারের আড়াপাড়ায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া এলাকায় নালা (ড্রেন) নির্মাণের কাজ চলছে। এ কারণে পানিনিষ্কাশন বন্ধ হয়ে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ।
সাভার পৌরসভা সূত্রে জানা গেছে, আড়াপাড়াসহ আশপাশের এলাকার পানি নিষ্কাশনের জন্য ওই এলাকার ভেতর দিয়ে প্রবাহিত মৃতপ্রায় একটি খালে ড্রেন নির্মাণ করা হচ্ছে। কয়েকটি পোশাক কারখানার তরল বর্জ্যসহ এলাকার ময়লা পানি ওই খাল দিয়ে বংশী নদীতে গিয়ে পড়ত। কয়েক মাস আগে খালটিতে ড্রেন নির্মাণের কাজ শুরু করায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াপাড়া মহল্লায় দেড় শতাধিক পরিবারের বসবাস। ওই সব পরিবারের একমাত্র ভরসা আড়াপাড়া-কামাল রোড সড়ক। তিন মাসেরও বেশি সময় ধরে সড়কটি পানির নিচে। বৃষ্টি হলে পানি বেড়ে দোকানপাট ও মানুষের ঘরে ঢুকে পড়ে।
গতকাল শনিবার সরেজমিনে সড়কসহ আশপাশের গলিতে এক থেকে দেড় ফুট পানি জমে থাকতে দেখা যায়। কারখানার তরল বর্জ্য মিশ্রিত ওই পানি এলাকায় চরম দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কের পাশের অধিকাংশ দোকানপাট বন্ধ।
আড়াপাড়ার বটতলা মোড়ের মা মেডিসিন কর্নারের মালিক দুর্জয় সরকার বলেন, জলাবদ্ধতার কারণে তাঁর ব্যবসা বন্ধ হওয়ার পথে। তিনি বলেন, জলাবদ্ধতার আগে তাঁর দোকানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি হতো। কিন্তু এখন দিনে ১০০ টাকাও বিক্রি হয় না। একই এলাকার জয় জগৎ বন্ধু স্টোরের মালিক নরেশ সূত্রধর বলেন, তাঁর প্রতিষ্ঠানসহ ওই এলাকায় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আছে। জলাবদ্ধতার কারণে ক্রেতা না আসায় তাঁর দোকানসহ প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
স্থানীয় মন্দিরের পুরোহিত অসীম চক্রবর্তী বলেন, ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ার পর থেকেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এর ফলে এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। তিনি বলেন, প্রতিদিন অনেক ভক্ত মন্দিরে পূজা দিতে আসতেন। জলাবদ্ধতার কারণে কয়েক মাস ধরে মন্দিরে কোনো পূজারি আসেন না।
সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, নানা কারণে ড্রেনের নির্মাণকাজ পিছিয়ে গেছে। তবে বর্তমানে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই মানুষের দুর্ভোগের অবসান ঘটবে।