সাভারের উপজেলা চেয়ারম্যানকে অপসারণ
ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিনকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে তাঁকে অপসারণ করে শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সাভার উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে গত মে মাস পর্যন্ত উপজেলা পরিষদের সাধারণ সভায় অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চেয়ারম্যান কফিল উদ্দিনকে কারণ দর্শাতে বলা হয়। পাশাপাশি তাঁর ক্রমাগত অনুপস্থিতির কারণে ৪ জুন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর ১৭ দিন পর গত ২২ জুন মন্ত্রণালয়ের এক আদেশে কফিল উদ্দিনকে অপসারণ করা হয়।
সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কফিল উদ্দিনের উপজেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত না হওয়ার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধিত আইন, ২০১১ এর ১৩ (১) (ক) ধারা) অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাঁকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই আদেশে নির্বাচন কমিশন সচিবকে সাভার উপজেলা পরিষদের শূন্য আসনে উপনির্বাচনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা চেয়ারম্যানের ক্রমাগত অনুপস্থিতির কারণে পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এ কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী হরতাল ও অবরোধ চলাকালে সাভারে একাধিক যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সব ঘটনায় জড়িত না থাকলেও সাভার মডেল থানায় দায়ের করা একাধিক মামলায় কফিল উদ্দিনকে আসামি করা হয়। আর মামলার কারণেই গ্রেপ্তার এড়াতে তিনি পরিষদের সভায় উপস্থিত হতে পারেননি।