সাভারের এক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় গতকাল মঙ্গলবার মরিয়ম বেগম (৬০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মরিয়ম সাভার পৌর এলাকার ভাটপাড়া গ্রামের মৃত মোতালেব মোল্লার স্ত্রী।পারিবারিক সূত্র জানায়, মরিয়ম বছর খানেক ধরে বাতের ব্যথায় ভুগছিলেন। বাতে আক্রান্ত হওয়ার পর থেকে মরিয়মকে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছিল। ব্যথা বেড়ে গেলে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে একটি ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই তিনি মারা যান।মরিয়মের মেয়ের জামাই মাহফুজ হোসেন অভিযোগ করেন, তাঁর শাশুড়িকে যে ইনজেকশন দেওয়া হয়েছে, সেই ইনজেকশন দেওয়ার আগে রোগীর তা গ্রহণের ক্ষমতা আছে কি না, সেটা পরীক্ষা করা আবশ্যক বলে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন। তাঁর শাশুড়িকে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসক তা করেননি। এ ভুলের কারণেই তিনি মারা যান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চিকিৎসক এনামুর রহমান ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন, মরিয়ম প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। যে জীবাণু দ্বারা তিনি আক্রান্ত ছিলেন, তা দ্রুত তাঁর শরীরে ছড়িয়ে পড়ছিল। দ্রুত সংক্রমণ ও মৃত্যু ঠেকানোর জন্য তাঁকে এক মিলিগ্রামের সলুপ্রেড ইনজেকশন দেওয়া হয়। ওই ইনজেকশনে কোনো রোগী মারা যাওয়ার কথা নয়।