সাভারের একটি বিদ্যালয় দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের নবীনগর বাইপাইল মহাসড়কের পাশে পলাশবাড়ী হাজী জয়নুদ্দীন উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে ঢুকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বাংলায় জানতে চান, ‘তোমরা কেমন আছ?’ শিক্ষার্থীরা সমস্বরে বলে উঠল, ‘ভালো আছি।’গতকাল বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত বিদ্যালয়টি পরিদর্শনে যান। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিমূলক সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়টির একতলা ভবনের ওপর দ্বিতীয় তলা নির্মাণ করে দিচ্ছেন দুই দেশের সেনাসদস্যরা। প্রায় ৫০০ শিক্ষার্থীর এই স্কুলে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, শিক্ষকদের বসার জায়গা ও অফিস নেই। দ্বিতীয় তলা নির্মাণে যুক্তরাষ্ট্র সরকার সব মিলিয়ে দেড় লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত গতকাল স্কুলটির নির্মাণকাজ পরিদর্শন করেন। তিনি হাজী জয়নুদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদুল হক, পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য মোকলেছুর রহমান, মিজানুর রহমানসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের ড্যান ডব্লিউ মজীনা জানান, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বিপ্লব হচ্ছে। ইতিমধ্যে কৃষিবিপ্লব হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রকৃত অংশীদার।রাষ্ট্রদূতের সফরসঙ্গী দূতাবাসের সামরিক কর্মকর্তা লে. কমান্ডার জর্জ দোলান সাংবাদিকদের জানান, ১ সেপ্টেম্বর ৩২ জন মেরিন সেনা স্কুলটির নির্মাণকাজ শুরু করেন। সেই সঙ্গে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩২ সদস্য। ২৯ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।