সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বাড়ি বাড়ি তল্লাশি
সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জঙ্গি ধরতে ঢাকার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে গতকাল বুধবার বেলা তিনটা থেকে বাড়ি বাড়ি তল্লাশি চালায় ঢাকা জেলা পুলিশ। এ সময় পুলিশ ২০ জনকে আটকের পাশাপাশি শিবিরের একটি আস্তানার সন্ধান পায়। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি ও কিছু িজহাদি বই উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পুলিশ জানায়, পুলিশের নয়টি দল গতকাল বেলা তিনটার দিকে পুরো কাউন্দিয়া ইউনিয়ন ঘিরে ফেলে। এরপর পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে। এ সময় পুলিশ বিভিন্ন এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে আটক করে।
রাত আটটার দিকে পুলিশ জনৈক জাকির হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। রাত নয়টা পর্যন্ত পুলিশ ওই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, চাঁদা আদায়ের রসিদ, শিবিরের সদস্য সংগ্রহের ফরম ও রেজিস্ট্রার উদ্ধার করে। এ সময় সেখানে কেউ ছিলেন না।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বলেন, শিবিরের ক্যাডাররা মাস দুয়েক আগে ফ্ল্যাটটি ভাড়া নেয়। ওই বাড়ি থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম চালাত।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ জঙ্গি ধরতে পুলিশের এই অভিযান চলছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের আরও অভিযান চালানো হবে।