সাভারের কাউন্দিয়ায় ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত গভীর হলেই বাড়ে ডাকাতের আতঙ্ক। বিলের ভেতর দিয়ে ট্রলারে করে আসে ডাকাতের দল। ডাকাত আতঙ্কে এলাকার মানুষের চোখে ঘুম নেই। ভয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। এ চিত্র রাজধানীর কাছে সাভারের দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়ার। শুধু কাউন্দিয়া নয়, তার আশপাশের বাঘসাত্রা, সিঙ্গাসাড়, মাস্টারের টেকসহ কয়েকটি এলাকায় একই অবস্থা। এলাকার মানুষের অভিযোগ—এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এলাকা ঘুরে দেখা যায়, কাউন্দিয়া ইউনিয়নটির চারদিকে নদী। আমিনবাজার ও মিরপুরসংলগ্ন এলাকার মানুষ কিছুটা নিরাপদে থাকলেও উত্তরে বিরুলিয়াসংলগ্ন এলাকা সব সময়ই থাকে অরক্ষিত। ওই এলাকায় বিলে বর্ষাকালে পানি জমে। ফলে ডাকাতরা সহজে হানা দিতে পারে। বর্ষা কিংবা শুকনো মৌসুমে কাউন্দিয়া থেকে সড়কপথে চলাচলের সুযোগ নেই। নৌকাই যাতায়াতের একমাত্র ব্যবস্থা। সম্প্রতি বাঘসাত্রা, সিঙ্গাসাড়, উত্তর কাউন্দিয়া, মধ্যকাউন্দিয়া, মাস্টারেরটেক এলাকায় গিয়ে জানা যায়, এ এলাকায় ১০ হাজারের বেশি মানুষ বর্ষায় ডাকাত আতঙ্কে থাকেন। এ কারণে এলাকাবাসী কাউন্দিয়ায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন। বাঘসাত্রার বাসিন্দা ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে ডাকাতি হতে পারে বলে আমিও আতঙ্কে থাকি। থানা অনেক দূরে হওয়ার কারণে পুলিশের কোনো তৎপরতা এখানে কখনোই ছিল না।’ একই এলাকার শহিদুল্লাহ বলেন, ডাকাতেরা আসে ট্রলারে করে। এরপর বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তিনি জানান, ডাকাতের খবর পেলে মসজিদে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়। সিঙ্গাসাড় এলাকার বাসিন্দা জাকির হোসেন, আবু হানিফসহ আরও অনেকে ডাকাত আতঙ্কের কথা জানান। যেভাবে পাহারা শুরু: এলাকাবাসী জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কাউন্দিয়ায় ডাকাত প্রতিরোধে এলাকাবাসী পাহারা দিতে শুরু করেছে। এলাকার যুবকেরা পাহারায় থাকেন। প্রথমে ৩০ জনের একটি দল পাহারা দিতে শুরু করেন। এখন এ সংখ্যা প্রায় অর্ধশত। মাদুর ও পাটি বিছিয়ে বাড়িঘরের আড়ালে অবস্থান নেয় পাহারাদারেরা। ডাকাতের খবর পাওয়ামাত্র হই-হুল্লোড় করে লোকজন জড়ো করেন। বর্তমানে উত্তর কাউন্দিয়া, পশ্চিম কাউন্দিয়া, আলাউদ্দিন মাস্টারেরটেক, বাঘসাত্রা ও মরিচেরটেক এলাকায় এ পাহারা রয়েছে। এ দলে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরাও রয়েছেন। তাঁরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এ দলকে সহায়তা করেন। এলাকাবাসী জানান, বর্ষাকালে ইউনিয়নের চারদিকে পানি থাকার কারণে খুব সহজেই ডাকাত আসতে পারে। বাড়িঘর ছাড়াও এরা ড্রেজার ও বালুর জাহাজে ডাকাতি করে বলে অভিযোগ রয়েছে। হাজি গ্রুপ, গাংচিল বাহিনী, নবাবের বাগ বাহিনী নামের কয়েকটি ডাকাত গ্রুপও রয়েছে। সর্বশেষ ডাকাতি: আমিনবাজারের বহুল আলোচিত ছয় ছাত্র হত্যা ঘটনার এক সপ্তাহ আগে কাউন্দিয়ার আলাউদ্দিন মাস্টারেরটেক এলাকায় সেন্টু মিয়ার বাড়িতে ডাকাতি হয়। তুরাগ নদী দিয়ে ট্রলারযোগে ২০-২৫ জনের একটি ডাকাত দল মাস্টারেরটেকে সেন্টু মিয়া, আবু হানিফ, কফিল উদ্দিনসহ কয়েকজনের বাড়ির সামনে সশস্ত্র অবস্থান নেয়। তারা সেন্টুর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে। এর পরও বাঘসাত্রা ও পশ্চিম কাউন্দিয়া এলাকায় বেশ কয়েকবার ডাকাত দল হানা দেয়।ডাকাতের ভয়ে অনেক মানুষের এলাকা ছাড়ার ঘটনাও রয়েছে। সিঙ্গাসাড়ের ওমর আলী পরিবার পরিজন নিয়ে নিজের বাড়িতে থাকতেন। গত বছর তার বাড়িতে পরপর দুবার ডাকাতি হওয়ায় তিনি এখন ওই বাড়ি ছেড়ে কল্যাণপুরে ভাড়া থাকেন। অন্যদিকে মধ্য কাউন্দিয়ার সেলিম মিয়া ডাকাতের কবলে পড়ে গুরুতর আহত হয়ে নিজের বাড়ি ছেড়ে এখন মনিপুর এলাকায় ভাড়া থাকেন।এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জানানোর পরও এ বিষয়ে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। ইউপি চেয়ারম্যান ও পুলিশের বক্তব্য: স্থানীয় নিরাপত্তায় ইউনিয়ন পরিষদে (ইউপি) গ্রামপুলিশের একটি দল থাকার কথা থাকলেও কাউন্দিয়া ইউনিয়নে গ্রামপুলিশ রয়েছে মাত্র একজন। এর আগেও ডাকাতের আতঙ্কের খবর পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানালেন কাউন্দিয়া ইউপির চেয়ারম্যান সাইফুল আলম খান। প্রথম আলোকে তিনি বলেন, এ ইউনিয়নের কয়েকটি এলাকায় ডাকাত আতঙ্ক রয়েছে। এলাকার মানুষ পাহারা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘দু-একটি ঘটনার খবর আমরা পেয়েছি। তবে ডাকাতের ভয়ে এলাকার মানুষ রাত জেগে পাহারা দেওয়ার খবর আমাদের কাছে নেই।’