সাভারের ধ্বংসস্তূপ পরিদর্শন করলেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভারে ধসে পড়া ভবন পরিদর্শন করেছেন। তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের স্বজনদের সমবেদনা জানান। তিনি উদ্ধার তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এদিকে বিএনপি নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। খালেদা জিয়া ঢাকায় ফেরার পর রাতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি জানান। তিনি বলেন, ভবনধসে মানুষ হত্যার সব দায়ভার সরকারকেই নিতে হবে। উদ্ধারকাজে অবহেলার কারণে এত মানুষ মারা গেছে বলেও অভিযোগ করেন তিনি। মওদুদ আরও বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, গণহত্যা।এর আগে বিকেলে ধ্বংসস্তূপ পরিদর্শন শেষে সফরসঙ্গীদের নিয়ে তিনি আহত ব্যক্তিদের দেখতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। পা কাটা অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন দুই নারী শ্রমিকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। ওই দুই নারীসহ চিকিৎসাধীন অন্যদের সম্পর্কে খোঁজখবর নেন খালেদা জিয়া। সেখান থেকে খালেদা জিয়া যান অধরচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে। যেখানে জড়ো করা হয়েছে নিহত শ্রমিকদের লাশ। সেখানে কিছু সময় থেকে তিনি ঢাকায় ফিরে যান।খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, ওসমান ফারুক, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইনাম আহমদ চৌধুরী, সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, শিরিন সুলতানা প্রমুখ।সাভারে এই ভবনধসের পর গত বুধবার কিছুটা দেরিতে হলেও হরতাল প্রত্যাহার করে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।