সাভারের পরিবেশ বাঁচাতে সুস্পষ্ট নীতিমালার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর-সম্পর্কিত বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আলোকে সাভার অঞ্চলের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাভারের ভূমির ব্যবহার, শ্রেণী পরিবর্তন, কৃষিজমিতে শিল্প-আবাসন স্থাপন, আবাসিক এলাকা থেকে বিশেষ ‘লাল’ শ্রেণীভুক্ত শিল্পের কাঙ্ক্ষিত দূরত্ব এবং খাল-বিল-জলাশয় সংরক্ষণ করার উপায় সম্পর্কে ড্যাপের আওতায় নীতিমালা প্রণয়নের আহ্বান জানানো হয়। বাপার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে ওঠা, ভূমির যথেচ্ছ ব্যবহার, নদী-জলাধারগুলোর দখল-দূষণের কারণে সাভার এলাকা তার স্বাস্থ্যকর পরিবেশের ঐতিহ্য হারাতে বসেছে। তিনি সাভারসহ প্রতিটি উপজেলায় ভূমি ব্যবহার নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বাপার সভাপতি এএসএম শাহজাহান বলেন, ‘কিছু মানুষের লোভের কারণে আমাদের নদী-জলাধারগুলো আজ ধ্বংসের পথে। পরিবেশ বাঁচাতে এদের হাত থেকে নদী-জলাধারগুলোকে দখল ও দূষণমুক্ত করতে হবে। পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’ পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই পৌর এলাকাগুলোকে গড়ে তুলতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, নগরায়ণ ও সুশাসন কর্মসূচির সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিব, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি কৃষিবিদ মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন খান।