সাভারের পারমাণবিক রিঅ্যাক্টরটি এখন উন্নত গবেষণার অনুপযোগী
ঢাকার সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) পারমাণবিক রিঅ্যাক্টরটি এখন উন্নত গবেষণার অনুপযোগী হয়ে পড়েছে। চিকিৎসাক্ষেত্রে অতিগুরুত্বপূর্ণ রেডিও আইসোটোপও এখন আর সেখানে তৈরি করা যাচ্ছে না। অথচ দেশে অনেক ক্ষেত্রে পারমাণবিক গবেষণার ক্ষেত্র ও প্রয়োজন আরও বেড়েছে।
এ অবস্থায় ২০-২৫ মেগাওয়াটের একটি নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন জরুরি বলে মত দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত বুধবার সংসদের অধিবেশনে উত্থাপিত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদনে ওই মত দেওয়া হয়।
কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক সংসদে প্রতিবেদনটি উত্থাপন করেন। তাতে বলা হয়, একটি নতুন রিঅ্যাক্টর স্থাপন যেহেতু সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, সেহেতু চলতি বছর থেকেই এই খাতে অর্থ বরাদ্দ ও ছাড় করা প্রয়োজন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএইসির সাবেক চেয়ারম্যান ও সাভারের ওই রিঅ্যাক্টরটি স্থাপন প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক এম এ কাইয়ুম প্রথম আলোকে বলেন, সংসদীয় স্থায়ী কমিটির অভিমত খুবই যৌক্তিক। ১৯৮৬ সালে স্থাপিত যুক্তরাষ্ট্রের তৈরি ৩ মেগাওয়াট ক্ষমতার ওই রিঅ্যাক্টরটি এখনকার বিবেচনায় অনেক পুরোনো প্রযুক্তির। ফলে সেখানে কাজের সুযোগ যেমন কমেছে, তেমনি ব্যয়ও বেড়েছে। বর্তমান সময়ের চাহিদা পূরণের জন্য একটি নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন অবশ্যই প্রয়োজন।
সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়, সাভারে বিএইসির পরমাণু গবেষণা প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা হতো। এর মধ্যে টিস্যু ব্যাংকিং এবং ক্যানসার ও থাইরয়েড চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় আইসোটোপ তৈরি অন্যতম। কিন্তু সেখানে এখন আর আইসোটোপ তৈরির উপকরণ ‘ফিশন মলি’ তৈরি করা সম্ভব হচ্ছে না। অনেক পুরোনো প্রযুক্তির হওয়ায় ওই রিঅ্যাক্টরের জ্বালানির (ফুয়েল রড) দামও অনেক বেশি পড়ছে। ফলে সেখানে গবেষণাকাজও সীমিত করা হয়েছে। অথচ চিকিৎসা, কৃষি, শিল্পসহ অনেক ক্ষেত্রে আইসোটোপের প্রয়োজন এবং পারমাণবিক গবেষণার ক্ষেত্র অনেক বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসব গবেষণা ও চিকিৎসা উপকরণ ক্রমবর্ধমান চাহিদার কারণে এখনই ২০-২৫ মেগাওয়াট ক্ষমতার একটি গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এ ধরনের একটি রিঅ্যাক্টর স্থাপন ও চালু করতে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। তাই চলতি বছর থেকেই এ খাতে অর্থ বরাদ্দের জন্য প্রতিবেদনে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
নতুন রিঅ্যাক্টর স্থাপনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শিগগিরই একটি কর্মসূচি উপস্থাপনের উদ্যোগ নেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।