সাভারের বরদেশী গ্রামে দুই বাড়িতে ডাকাতি
রাজধানীর অদূরে সাভারের আমিনবাজার এলাকার বরদেশী গ্রামে শুক্রবার রাতে ডাকাতেরা দুই বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে ডাকাতেরা আমিনবাজার পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে বরদেশী গ্রামের ফজল হকের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাসার ফটক ও দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহকর্তা ফজল হক ও তাঁর ছেলে আফজাল হককে বেঁধে ফেলে। এরপর তারা আলমারি ভেঙে চার ভরি ওজনের স্বর্ণালংকার, দেড় হাজার টাকাসহ মালামাল লুটে নিয়ে যায়।ফজল হক জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। অপরদিকে রাত তিনটার দিকে ডাকাতেরা ওই গ্রামের মিয়া চানের বাড়িতে হানা দিয়ে এক ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুটে নেয়।মিয়া চান জানান, কয়েল লাগানোর জন্য তাঁর স্ত্রী তহুরা বেগম তাঁদের কক্ষ থেকে পাশের কক্ষে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এই সুযোগে সশস্ত্র ডাকাতেরা তাঁদের ঘরে ঢুকে অস্ত্রের মুখে মালামাল লুটে নিয়ে কেবলার চরের দিকে পালিয়ে যায়।উভয় পরিবারের পক্ষ থেকেই দাবি করা হয়েছে, ডাকাতির কথা শুনে গতকাল শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন জানান, গতকাল ডাকাতির কোনো অভিযোগ পাওয়া যায়নি।