সাভারের ভূমি কার্যালয়ের সেই বহিরাগতরা উধাও
সাভারের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সেই বহিরাগতদের জেলা প্রশাসকের নির্দেশে বের করে দেওয়া হয়েছে। তাঁদের আর কার্যালয়ে দেখা যায় না। পাশাপাশি তাঁদের অভাব পূরণের জন্য কার্যালয়ে জনবল বাড়ানো হয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কমপক্ষে ২১ জন বহিরাগত দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তাঁরা কর্মকর্তা-কর্মচারীদের কাজে সহায়তার পাশাপাশি নামজারি ও মিস কেসের তদবিরসহ মামলার রায়, জবাব ও রিটের জবাব লিখতেন। এসব কাজের জন্য তাঁরা মোটা অঙ্কের টাকা নিতেন। কর্মকর্তা-কর্মচারী বদলি হলেও বহিরাগতরা বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছিলেন। কোনোকালেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু ৭ সেপ্টেম্বর প্রথম আলোতে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়ে। কার্যালয় সূত্র জানায়, সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক মহিবুল হকের নির্দেশে বহিরাগতদের বের করে দেওয়া হয়। কার্যালয়ে নতুন করে ছয়জন এমএলএসএস ও একজন অফিস সহকারী দেওয়া হয়েছে। গত সোমবার তাঁরা যোগ দিয়েছেন। সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, বহিরাগতদের বিতাড়িত করা হয়েছে। বর্তমানে যে জনবল আছে তাতে দাপ্তরিক কাজে অসুবিধা হবে না।