বুড়িগঙ্গা থেকে তোলা বর্জ্য ও পলিথিনের মধ্যে দুই জাহাজ বর্জ্য গতকাল সোমবার সাভারের সলমাছি এলাকায় আবর্জনা রাখার জায়গায় ফেলা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, গতকাল ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত একটি জাহাজ থেকে বর্জ্য ও পলিথিন ফেলা হয়। এরপর অন্য একটি জাহাজ থেকে বর্জ্য ও পলিথিন ফেলার সময় ডাম্পিং পাইপের মুখের জালি নষ্ট হয়ে যায়।আল বোরাক আনলোড ড্রেজিংয়ের কর্মচারী আব্দুর রহিম জানান, জাহাজ থেকে বর্জ্য অপসারণের সময় ডাম্পিং পাইপের মুখের জালিতে পলিথিন যাওয়ায় জালিটি নষ্ট হয়ে যায়। নতুন করে জালি তৈরি করে বেলা সাড়ে তিনটার দিকে আবার ডাম্পিংয়ের কাজ শুরু হয়।বুড়িগঙ্গা থেকে বর্জ্য ও পলিথিন অপসারণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আক্তার হোসেন তালুকদারের মালিক মো. আক্তার হোসেন তালুকদার জানান, নদীর তলদেশ থেকে বর্জ্য ও পলিথিন অপসারণের কাজ ১২০ দিন চলবে।তিনি আরও জানান, জাহাজ ভর্তি বর্জ্যে পানি দিয়ে তা তরল করা হচ্ছে। এরপর কাটার মেশিনের সাহায্যে পলিথিন, কাপড়সহ অন্যান্য দ্রব্য আলাদা করা হচ্ছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হবে।পরিশোধন প্ল্যান্ট স্থাপনে ব্যাংক ঋণের দাবি: ডাইং ও ওয়াশিং কারখানায় পরিশোধন প্ল্যান্ট স্থাপনে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন এই শিল্পের মালিকেরা। গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকার হাজি আলীম উল্লাহ মার্কেটে অনুষ্ঠিত কেরানীগঞ্জ ডাইং ও ওয়াশিং প্ল্যান্ট মালিক সমবায় সমিতির সভা থেকে তাঁরা এ দাবি জানান।সমিতির সভাপতি হাজি আমানউল্লাহ মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্পাদক মো. খলিল, হাজি কার্জন, মো. ফারুক প্রমুখ।সভায় বক্তারা বলেন, বুড়িগঙ্গাসহ দেশের নদনদী দূষণমুক্ত হোক এটা তাঁরাও চান। কারণ নদী দূষিত হওয়ায় তাঁরাও ভুক্তভোগী। কিন্তু কেরানীগঞ্জে শতাধিক ডাইং ও ওয়াশিং কারখানা রয়েছে। এগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক না খেয়ে মরবে এবং মালিকেরা নিঃস্ব হয়ে পড়বেন। বক্তারা বলেন, একটি কারখানায় বর্জ্য পরিশোধনের (ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবস্থা করতে প্রায় অর্ধকোটি টাকা খরচ হবে। পরিশোধন প্ল্যান্ট স্থাপনে ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা দেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।