সাভারের সাংসদের ক্রসফায়ার তালিকা নিয়ে আতঙ্ক, বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজনকে ‘ক্রসফায়ারে’ দিয়ে হত্যা এবং আরও ১৪ জনের তালিকা করার যে ঘোষণা দিয়েছেন সাভারের সরকার দলীয় সাংসদ এনামুর রহমান, তাতে স্থানীয় অনেকে; বিশেষ করে বিরোধী রাজনীতিকেরা আতঙ্কে পড়েছেন। যদিও সাংসদ এনামুর এর মধ্যেই নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু তাতে আতঙ্ক কমেনি।

অবশ্য র‍্যাব ও পুলিশ সাংসদের এই বক্তব্যের দায় নিতে রাজি নয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘তিনি (সাংসদ) যদি বলে থাকেন, তিনি ক্রসফায়ারে দিয়েছেন, তাহলে তাঁকে জিজ্ঞেস করুন, তিনি কোথায় কাকে ক্রসফায়ার দিয়েছেন। এ বিষয়ে র‍্যাবের কোনো বক্তব্য নেই।’

গতকাল শুক্রবার যুবদলের এক নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, ‘সাংসদের বক্তব্যের পর থেকে সত্যিকার অর্থেই তিনি আতঙ্কে রয়েছেন। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কাকে, কখন ক্রসফায়ার দেওয়া হয়, তার তো কোনো ঠিক নাই।’ তিনি বলেন, তিনিসহ অনেকেই সাংসদের ওই বক্তব্যের পরে সাভারের বাইরে অবস্থান করছেন। অনেকে মুঠোফোন বন্ধ করে রেখেছেন।

গত মঙ্গলবার দৈনিক মানবজমিন পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সাংসদ এনামুর রহমান বলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি। সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না, আমরা ভালো হয়ে যাব।’

পরদিন গত বুধবার এনামুর রহমান কয়েকটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে নিজের বক্তব্যকে ‘অবিবেচনাসুলভ’ উল্লেখ করে প্রত্যাহারের ঘোষণা দেন। জানতে চাইলে সাংসদ এনামুর রহমান বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমার বক্তব্যের জন্য আমি লজ্জিত ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছি। পাশাপাশি নিজের দোষ স্বীকার করে ফেসবুক আইডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমার বক্তব্য প্রত্যাহার করেছি।’

বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা ‘এনকাউন্টার’-এর নামে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ অনেক পুরোনো। এরই মধ্যে সরকারদলীয় একজন আইনপ্রণেতার ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মানবাধিকারকর্মী মো. নূর খান প্রথম আলোকে বলেন, সারা দেশে বিচারবহির্ভূত হত্যা নিয়ে যখন ভয়ার্ত অবস্থা, তখন একজন সাংসদের এ রকম বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে। সাংসদের এ বক্তব্য সংবিধানের মূলনীতির বিরুদ্ধে। সাংসদের অভিভাবক হিসেবে স্পিকারের দায়িত্ব বর্তায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

২০১৪ সালের ৫ জানুয়ারির আগে-পড়ে নাশকতায় যুক্ত থাকার অভিযোগে সাভারের বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়। এরপর থেকে নেতা-কর্মীদের অনেকে সাভারের বাইরে অবস্থান করছেন। সাংসদ এনামুরের বক্তব্য প্রকাশিত হওয়ার পর যাঁরা সাভারে ছিলেন, তাঁরাও এলাকা ছাড়তে শুরু করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাভার বিএনপির এক নেতা মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘খুব আতঙ্কে আছি, গা ঢাকা দিয়া রইছি। একটু খেয়াল রাইখেন।’

আগের দিন বৃহস্পতিবার এ প্রতিবেদকের কাছে ফোন করেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদলের সাবেক নেতা মিনহাজ উদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস আক্তার। তিনি জানতে চান, সাংসদের ক্রসফায়ারের তালিকায় তাঁর স্বামীর নাম আছে কি না।

নার্গিস আক্তার বলেন, সম্প্রতি তাঁর স্বামীকে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। এরপর থেকেই তাঁর স্বামীকে ক্রসফায়ারের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর দাবি, ওই ঘটনার দিন তাঁর স্বামী ভারতে ছিলেন।

গত বছরের ১ অক্টোবর সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ওরফে নয়ন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। ৩০ সেপ্টেম্বর গভীর রাতে তাঁকে মোহাম্মদপুরের বাসা থেকে ধরে নিয়ে যান সাভার থানার দুই উপপরিদর্শক। এরপর ভোরের দিকে বিরুলিয়া এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তখন পুলিশ জানিয়েছিল, শাহ আলমের বিরুদ্ধে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা, নাশকতাসহ ১০টি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশ অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

জানতে চাইলে শাহ আলমের বড় ভাই মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় সাংসদের বক্তব্য দেখে মনে হলো, যা মানুষ ধারণা করেছিল, তাই ঠিক হইল। তাদের ক্ষমতা আছে। তারা ক্রসফায়ার দিছে। আমরা ভাই সাধারণ পাবলিক, আমাদের কী করার আছে?’

গত ২৬ মে সাভারের মজিদপুর গ্রামের মোক্তার হোসেন পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। মোক্তারের মা সখিনা বেগমের কাছে সাংসদের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেরে পুলিশে ধইরা নিয়া গেছিল, পরে লাশ পাইছি। এহন কে তারে মারল, তা ক্যামনে কমু।’ পুলিশ জানিয়েছে, মোক্তারের বিরুদ্ধে মাদক, হত্যাসহ ১০ থেকে ১২টি মামলা আছে।

সাংসদ এনামের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাংসদ যে বক্তব্য দিয়েছেন, তা তাঁর একান্ত নিজের। এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’ তাঁর ভাষ্য, ‘কাউকে ধরে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি করে না। কোনো অভিযানের সময় পুলিশ সন্ত্রাসীদের গোলাগুলির মধ্যে আসলে কার গুলিতে সন্ত্রাসীদের মৃত্যু হয়, তা-ও বলা মুশকিল। পুলিশ কখনো ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে না এবং রাজনৈতিকভাবেও ব্যবহৃত হয় না।’

সাংসদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘জনপ্রতিনিধিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। জনগণের মধ্যে কোন বক্তব্যের কী প্রতিক্রিয়া হবে, সেটা আগে ভেবে দেখা উচিত।’