সাভারের সেই কর্ণপাড়া খাল দখলমুক্ত করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ব্যাংক টাউন এলাকার শতবর্ষের পুরোনো কর্ণপাড়া খাল অবশেষে অবৈধ দখলমুক্ত হতে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের প্রচেষ্টায় ইতিমধ্যেই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।মাটি ও আবর্জনা ফেলে ঐতিহ্যবাহী এ খাল অবৈধভাবে ভরাট করার বিষয়ে গত ২৯ মার্চ প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর পরিবেশ অধিদপ্তর তৎপর হয়। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সম্প্রতি কর্ণপাড়া খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কয়েকটি শিল্পকারখানা ও সাভার পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান কর্তৃক খাল ভরাট এবং খালের জমি অবৈধভাবে দখলের বিষয়টি নিশ্চিত হন। এরপর পরিচালকের নির্দেশে অধিদপ্তরের একজন উপপরিচালক ও সাভার ভূমি প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ দল গত রোববার সরেজমিন তদন্ত করে।যৌথ দলটি সরেজমিনে দেখতে পায়, বংশী নদী থেকে তুরাগ নদ পর্যন্ত সাভারের ব্যাংক টাউন এলাকা দিয়ে প্রবাহিত কর্ণপাড়া খাল মাটি ও আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। ১৫০-২০০ ফুট এলাকায় মাটি ফেলায় ইতিমধ্যে খালের উল্লেখযোগ্য অংশের প্রশস্ততা কমে গেছে। পরিবেশ অধিদপ্তর আরও জানায়, গত সোমবার সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহকে পরিবেশ অধিদপ্তরে তলব করে বর্জ্য ফেলা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খালসংলগ্ন বাংলাদেশ ডাইং লিমিটেড (দোয়েল ডাইং) ও বেলকুচি নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডসহ কাউন্সিলর মো. আমিনুর রহমানের অবৈধ দখলে থাকা জমি থেকে উচ্ছেদ ও মামলা দায়েরসহ পরিবেশের ক্ষতিপূরণ কেন আদায় করা হবে না—মর্মে নোটিশ দেওয়া হয়। নোটিশ পেয়ে সংশ্ল্লিষ্ট ব্যক্তিরা সোমবার পরিবেশ অধিদপ্তরে উপস্থিত হয়ে জানান, তাঁদের দখল করা অংশ কর্ণপাড়া খালভুক্ত কি না, তা তাঁরা জানেন না। তবে অবৈধ দখল প্রমাণিত হলে তাঁরা খালের জমি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। সাভার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, সরেজমিন তদন্ত ও স্থানীয় ভূমি কার্যালয়ের রেকর্ডপত্র অনুযায়ী, আরএস ২২৪ ও ২৩৯ দাগে কর্ণপাড়া খালটি শিকস্তি শ্রেণীর জমি। খালটি নৌকা চলাচলের জন্য বলে রেকর্ডে স্পষ্টভাবে উল্ল্লেখ রয়েছে। শিকস্তি খাল ও সংলগ্ন জমি পৌর কাউন্সিলর আমিনুর রহমানসহ কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নামজারি করে তা রেকর্ড করে নেওয়া হয়েছে। নামজারির আগে এসব শিকস্তি জমি দলিলমূলে রেজিস্ট্রিও করা হয়েছে। ভূমি কার্যালয় সূত্র জানায়, তদন্তে কাউন্সিলর আমিনুর রহমানের বিরুদ্ধে তাঁর নামে রেকর্ড করা জমি ‘সমতট হাউজিং লিমিটেড’ নামের একটি আবাসন প্রকল্পের কাছে বিক্রি করার বিষয়টি প্রমাণিত হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আগামী সপ্তাহের মধ্যে কাগজপত্র দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নামজারি বাতিল এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। নামজারি বাতিলের পরই খাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ বলেন, অবৈধ দখলদারদের কবল থেকে কর্ণপাড়া খাল উদ্ধারসহ দখলদার ও নামজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নামজারি বাতিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।