সাভারের স্কুলগুলোতে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা মানা হচ্ছে না। নীতিমালা উপেক্ষা করে অনেক স্কুলে ভর্তিতে পাঁচ থেকে ৬৫ হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সাভারের ব্যাংক কলোনির এক বাসিন্দা এ বছর তাঁর ছেলেকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করেছেন সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্কুল অ্যান্ড কলেজে। ছেলের ভর্তির পেছনে তাঁর ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা। এর মধ্যে অনুদান হিসেবে দিতে হয়েছে ২০ হাজার টাকা। শুধু ওই শিক্ষার্থীই নয়, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিশু, পঞ্চম আর নবম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে একইভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ অনুদান আদায়ের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির সময় ২০ হাজার টাকা অনুদান নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নাসিম ফারুক প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদের আগামী বৈঠকে এ সিদ্ধান্ত বাতিল হতে পারে। সিদ্ধান্ত বাতিল হলে অনুদানের টাকা ফেরত দেওয়া হবে।’ সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাভারে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫২টি। আর কিন্ডারগার্টেন স্কুল রয়েছে অন্তত ৬০০টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশতেই শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গত মাসে জারি করা নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মফস্বল এলাকায় সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকল্যে ৫০০ টাকা, পৌর এলাকায় (উপজেলা) এক হাজার, পৌর এলাকায় (জেলা সদর) দুই হাজার, ঢাকা ব্যতীত অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার এবং ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকার বেশি ফি আদায় করা যাবে না। কিন্তু সাভারের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকারি এ নীতিমালা উপেক্ষা করে উন্নয়ন ও অনুদান ফির পাশাপাশি সেশন ফিসহ বিভিন্ন খাতে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে।সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এর পরও এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রায় ৩০ হাজার টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। এর মধ্যে অনুদান ফির কথা বলে আদায় করা হচ্ছে ২৫ হাজার টাকা। সাভারের এক সাংবাদিক জানান, তিনি তাঁর ছেলেকে এ বছর সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তি করেছেন। এ জন্য তাঁকে ভর্তি ফি বাবদ পরিশোধ করতে হয়েছে ২৯ হাজার টাকারও বেশি। একই অভিযোগ পাওয়া গেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করেছেন এমন অনেক অভিভাবকের কাছ থেকে।অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শেখ শরীফুল ইসলাম কথা বলতে রাজি হননি।অভিযোগ পাওয়া গেছে, সাভারের মর্নিং গ্লোরি স্কুলে সর্বোচ্চ ৬৫ হাজার টাকা করে ভর্তি ফি আদায় করা হচ্ছে। এর মধ্যে উন্নয়ন ফি নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।বিদ্যালয়টির প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি সরকার থেকে কোনো অনুদান পায় না। শিক্ষকদের বেতনসহ উন্নয়নকাজ সবকিছুই চলে শিক্ষার্থীদের দেওয়া অর্থ থেকে। এ কারণেই ভর্তির সময় উন্নয়ন ফিসহ বেশি অর্থ নিতে হচ্ছে।’এ ছাড়া সাভারের ব্যাংক কলোনির অ্যাসেড স্কুল ও লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং আশুলিয়ার বাইপাইলের দি টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ সাভারের আরও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সময় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে ওই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেছেন।ভর্তির সময় অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুন্নী হোসাইন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কিছু কিছু অভিযোগ আমরাও পাচ্ছি। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে সে অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।