সাভারের হেমায়েতপুর থেকে আরও একজনকে অপহরণ
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গত বুধবার রাতে ফরিদ হোসেন (৩২) নামে আরও এক ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জনতা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।ফরিদ হোসেনের বাড়ি হেমায়েতপুরের জয়নাবাড়ী গ্রামে। তিনি গাড়ি মেরামতকারী একটি প্রতিষ্ঠানের মালিক।এ নিয়ে গত ১৫ দিনে ওই এলাকা থেকে সাতজনকে অপহরণ করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।১৩ আগস্ট হেমায়েতপুর এলাকা থেকে পাঁচজনকে র্যাব পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল পর্যন্তও পুলিশ তাঁদের উদ্ধার করতে পারেনি। সর্বশেষ অপহরণ করা হয় ফরিদ হোসেনকে।সাভার থানা সূত্র জানায়, বুধবার রাত নয়টার দিকে মুঠোফোনে কল করে গাড়ি মেরামত করার কথা বলে ফরিদকে বাসা থেকে ডেকে আনে দুর্বৃত্তরা। তিনি বাসা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের তেঁতুলঝরা মোড়ে নিজ প্রতিষ্ঠানের সামনে আসার পর দুর্বৃত্তরা তাঁকে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নিয়ে যায়।পুলিশ সূত্র জানায়, ফরিদকে সিঙ্গাইরের ইটাভাড়া এলাকায় অপর একটি দলের কাছে পৌঁছে দিয়ে ফেরার পথে জনতা গাড়িটি আটক করে। এ সময় জনতা ওই গাড়ি থেকে নূরে আলম (২৫) ও দেলোয়ার হোসেন (২৮) নামে দুজনকে আটক করে তাঁদের গাড়িসহ পুলিশে সোপর্দ করে। তাঁদের কাছ থেকে পুলিশ দেড় লাখ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় ফরিদের বাবা মতি মিয়া গতকাল সাভার থানায় মামলা করেছেন। নূরে আলম ও দেলোয়ারকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।ফরিদের ভাই নাজমুল বলেন, তাঁর ভাইকে ধস্তাধস্তি করে গাড়িতে তোলার সময় তিনি দূর থেকে দেখে এগিয়ে যান। কিন্তু ততক্ষণে তাঁর ভাইকে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হেমায়েতপুর এলাকায় বারবার অপহরণের ঘটনা রহস্যজনক। অপহরণের রহস্য উদ্ঘাটনে জোর তৎপরতা চালানো হচ্ছে।