বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে আন্দোলনের কঠোর কর্মসূচি চেয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ টি এম আজহারুল ইসলাম এসব কথা বলেন। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় মতিউর রহমান নিজামীকে আসামি করা এবং জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।আজহারুল ইসলাম অস্ত্র মামলায় নিজামীকে আসামি করার কথা উল্লেখ করে বলেন, শিল্পমন্ত্রী থাকার কারণে মাওলানা নিজামী যদি মন্ত্রণালয়ের অধীন সার কারখানায় অস্ত্র আটক হওয়ার জন্য দায়ী হন, তাহলে বিডিআরে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার জন্য অবশ্যই প্রধানমন্ত্রীকে এর দায় নিতে হবে। জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতারা বক্তব্য দেন।ইসলামী আন্দোলনের সংসদ অভিমুখে গণমিছিল: সরকারকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংরক্ষণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার দাবিতে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।এর আগে রাজধানীর পুরানা পল্টনের গলিতে এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করিম সরকারকে এসব দাবি মেনে নিতে বলেন। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।সমাবেশ শেষে সংসদ অভিমুখী মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মগবাজার চৌরাস্তায় গেলে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সংগঠনের মহাসচিব মাওলানা ইউনূছ আহমাদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয়।