
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে দুই সাংসদকে।
জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে দলীয় মনোনয়নের চিঠি পেছেন সামছুল আলম। তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
গতকাল রোববার মুঠোফোনে জানতে চাইলে ঢাকা থেকে তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন সামছুল আলম। তিনি বলেন, দলীয় মনোনয়ন পাওয়া গেছে। এখন দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যেতে হবে। তিনি এলাকাবাসীর জন্য কাজ করেছেন। ভবিষ্যতে তাঁদের সেবায় আরও কাজ করতে চান। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।
জয়পুরহাট-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১৫ জন নেতা।
এদিকে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে দলীয় চিঠি পেলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। এ আসনে তিনি ছাড়া আরও চারজন নেতা দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
২০১৪ সালের নির্বাচনে আবু সাঈদ আল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। তবে এর আগে ২০০৮ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হয়ে তিনি ৩ হাজার ১৬০ ভোটে বিএনপির প্রার্থী গোলাম মোস্তফার কাছে হেরে গিয়েছিলেন। এবার তাঁর এ খবরে সন্ধ্যায় আক্কেলপুর শহরের কলেজ বাজার হাসপাতাল ফটকের সামনে দলীয় নেতা–কর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘এটি আওয়ামী লীগের পরীক্ষিত আসন। আশা করা যায়, এখানে আমাদের দলের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ বিপুল ভোটে বিজয়ী হবেন। দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেওয়া হচ্ছে বলে গুজব ছড়ানো হয়েছিল। দলীয় মনোনয়ন ঘোষণার পর সব পরিষ্কার হয়েছে। এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।’