ক্ষমতাসীন মহাজোট সরকারের শেষ বাঁশি বাজানোর জন্য বিরোধী দল প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘সামনে এ সরকারের শেষ বাঁশি বাজবে, আমরা তার প্রস্তুতি নিচ্ছি।’১৮ দলীয় জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে অংশ নিয়ে গতকাল বুধবার দুপুরে পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে তরিকুল এ কথা বলেন। ‘সরকারের সর্বগ্রাসী দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে’ রাজধানীসহ সারা দেশে দিনব্যাপী এ কর্মসূচি পালন করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতে ইসলামীও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এর মধ্যে সাংসদ হামিদুর রহমান আযাদ সকাল নয়টায় ফকিরেরপুল কাঁচাবাজার এলাকায় কর্মসূচিতে নেতৃত্ব দেন।ঢাকার কর্মসূচিতে বিএনপির সমন্বয়ক বলেন, ‘সরকার প্রতিনিয়ত মানবতা লঙ্ঘন করছে, গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চাই। সে জন্য আমরা জনগণকে সম্পৃক্ত করছি। যাতে একসময় গণ-অভ্যুত্থানে এ সরকারের পতন হয়।’বিরোধীদলীয় চিফ হুইপকে পেটানোর জন্য বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়ার সমালোচনা করেন তরিকুল ইসলাম। তাঁর মতে, ‘এ পদক মানবতার চূড়ান্ত অবমাননা। এই পদক দিয়ে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে, পুলিশ বাহিনীকে অঙ্গসংগঠনের রূপ দিচ্ছে। এটা দেশ ও জাতি কারও জন্য মঙ্গলজনক নয়।’বক্তব্য শেষে তরিকুল পুরান ঢাকার রায়সাহেব বাজার ও ইংলিশ রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানসহ দলের সহযোগী সংগঠনের নেতারা সঙ্গে ছিলেন। বিকেলে সাদেক হোসেন খোকার নেতৃত্বে বাড্ডা এলাকায় প্রচারপত্র বিলি করা হয়। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিএনপি ছাড়াও জোটের শরিক এলডিপি, জাগপা, এনপিপি, কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ ও খেলাফত মজলিসের নেতারা গণসংযোগে অংশ নেন।ঢাকার বাইরে সব সাংগঠনিক জেলায় এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন। এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেন সিলেটে, মওদুদ আহমদ নারায়ণগঞ্জে, মাহবুবুর রহমান পঞ্চগড়ে, এম কে আনোয়ার চট্টগ্রামে, আ স ম হান্নান শাহ রংপুরে, জমির উদ্দিন সরকার দিনাজপুরে, রফিকুল ইসলাম মিয়া ময়মনসিংহে, মির্জা আব্বাস রাজশাহীতে, গয়েশ্বর চন্দ্র রায় যশোরে, আবদুল মঈন খান জামালপুরে, নজরুল ইসলাম খান বগুড়ায়, আবদুল্লাহ আল নোমান ঠাকুরগাঁওয়ে ও আবদুল আউয়াল মিন্টু কক্সবাজারে গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন।